ঠাকুরগাঁও, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি প্রেমের সম্পর্ক নিয়ে সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দু'টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ এবং পুলিশের লাঠিপেটায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে কাজল (১৯) ও হৃদয় (১৯) নামে দু'জনকে আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকিদের নাম জানা যায়নি।
ঘটনাস্থল থেকে আব্দুল হামিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী জানান, সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের এক ছাত্রীর সঙ্গে গড়েয়া-চণ্ডিপুর গ্রামের লিখন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে রোববার লিখনের সঙ্গে পাশের মিলনপুর গ্রামের নুরুল ইসলামের হাতাহাতি হয়।
এই ঘটনার জেরে সোমবার দুপুরে গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে গড়েয়া-চণ্ডিপুর ও মিলনপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষই ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে উভয় গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়। পুলিশের লাঠিচার্জে আহত হয় আরও ১৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24