ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক বাংলাদেশ অর্জনের লড়াইয়ে সিনেটর এডওয়ার্ড কেনেডি পরম বন্ধু হিসেবে তার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
ঢাকায় মার্কিন দূতাবাসে রাখা শোকবইয়ে রোববার সকালে সই করে এ মন্তব্য করেন তিনি।
দীপু মনি তার ১১ লাইনের বার্তায় লিখেছেন, " জাতি হিসেবে স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে শৈশব থেকেই আপনি আমার মনে স্থান নিয়ে আছেন।"
"আমার প্রজন্ম বেড়ে ওঠার সময় আপনি আপনার বিশেষ সহমর্মিতা ও ন্যায় বিচারের বিষয়টি আমাদের জনজীবনে গেঁথে দিয়েছেন।
"আর গণতান্ত্রিক বাংলাদেশ অর্জনের লড়াইয়ে আপনি আমাদের পরম বন্ধু হিসেবে হাত বাড়িয়ে দিয়েছিলেন।"
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষ নিলেও বাংলাদেশকে সমর্থন করেছিলেন আরেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছোট ভাই এডওয়ার্ড কেনেডি।
নয় মাসব্যাপী ওই যুদ্ধের সময় তিনি ভারতের পশ্চিমবঙ্গের শরণার্থী শিবির পরিদর্শন করেন। প্রায় ৯ লাখ বাংলাদেশী শরণার্থীর দুর্দশা সম্পর্কে এ সময় তিনি মার্কিন সিনেটে অত্যন্ত মর্মস্পর্শী প্রতিবেদন জমা দেন।
পূর্ববঙ্গে সন্ত্রাসের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছিলেন এডওয়ার্ড কেনেডি। সেইসঙ্গে সেখানে মানবিক ও রাজনৈতিক দুর্দশার জন্য পশ্চিম পাকিস্তানের (ইসলামাবাদ) প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দুষ্কর্মে সহযোগিতা করার চেয়ে কোনও অংশে কম নয় বলেও কড়া বক্তব্য দিয়েছিলেন।
শরণার্থীদের প্রতি বিশ্বের মনোযোগ আকৃষ্ট করা এবং তাদের সাহায্যের ব্যবস্থা করারও চেষ্টা নেন তিনি। ১৯৭২ সালে কেনেডি সদ্য জন্ম নেওয়া বাংলাদেশে আসেন। এখানে তিনি একটি শোভাযাত্রায় অংশ নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন।
গত মঙ্গলবার কেনেডি পরিবারের সবার ছোট ভাই এডওয়ার্ডের মৃত্যুর পর ঢাকায় মার্কিন দূতাবাসে এ শোকবই খোলা হয়।
শোকবইয়ে সই করার জন্য সকাল ১০টার দিকে স্বামী তৌফিক নেওয়াজকে নিয়ে মার্কিন দূতাবাসে যান দীপু মনি।
আইনজীবী তৌফিক তার বার্তায় বলেন, "আপনি আমেরিকার গণতান্ত্রিক রূপের প্রতিনিধিত্ব করতেন। নিজের লক্ষ্যের মধ্যে আপনি বাঙালি জনগণকে রেখেছিলেন। আমরা সম্মানিত। আমাদের প্রজন্ম আপনার মানবিক মূল্যবোধ বহন করে চলবে।"
মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এ সময় নীরবে দাঁড়িয়ে ছিলেন।
দূতাবাসের পাশাপাশি বনানীতে আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরিতেও আরেকটি শোকবই খোলা হয়েছে সাধারণ লোকের সই করার জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসকে/২১৫৫ঘ.
bdnews24