২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ট্রাইব্যুনাল, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলেই যুদ্ধাপরাধের বিচার শুরু হবে'

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার না করতে কোনও চাপ সরকার আমলে নেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে অত্যন্ত আন্তরিক। দ্রত বিচারের লক্ষ্যে ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আব্দুল গণি রোডের ১৪ নম্বর ভবনের দপ্তরগুলো সরিয়ে নেয়ার জন্য পূর্ত মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার না করতে কোনও চাপ সরকার আমলে নেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে অত্যন্ত আন্তরিক। দ্রত বিচারের লক্ষ্যে ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আব্দুল গণি রোডের ১৪ নম্বর ভবনের দপ্তরগুলো সরিয়ে নেয়ার জন্য পূর্ত মন্ত্রণালয়কে বলা হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'মুক্তিযুদ্ধ: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ এর আওতায় অভিযুক্তদের বিচারের কৌশলগত গুরুত্ব' শীর্ষক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। শফিক আহমেদ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আব্দুল গণি রোডের ১৪ নম্বর ভবনের দপ্তরগুলো সরিয়ে নিতে পূর্ত মন্ত্রণালয়কে বলা হয়েছে। স্বাক্ষী, আইনজীবী, তদন্ত কর্মকর্তা, পর্যবেক্ষকদের নিরাপত্তাসহ আদালত ভবনের সুরক্ষা এবং বিচার কার্যক্রম সংশ্লিষ্ট লজিস্টিক সহায়তা নিশ্চিত করে সরকার শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করবে।" শুক্রবার সিরডাপ মিলনায়তনে তিনি সাংবাদিকদের বলেছিলেন, যে অফিসে ট্রাইব্যুনাল স্থাপন করার কথা চিন্তা করা হচ্ছে, সেখানে কয়েকটি সংস্থার অফিস রয়েছে। এসব ঠিক করতে একটু সময় লাগছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হবে না, কোনও অবস্থাতেই এ ধরনের সংশয় পোষণ করা ঠিক হবে না। একই দিন মন্ত্রী জানান, ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী, তদন্ত সংস্থার কর্মকর্তা, স্বাক্ষী ও বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটু দেরি হচ্ছে। শুক্রবার আইনমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মহলের চাপ নেই বলে জানিয়েছিলেন। কর্মশালায় তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি দেশের অভ্যন্তরীণ ব্যাপার। যুদ্ধাপরাধীদের বিচার না করতে কোনও চাপ আমলে নেওয়ার প্রশ্নই আসে না।" অবশ্য কয়েকদিন আগে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে দেশ-বিদেশ থেকে বাধা আসছে। শফিক আহমেদ আরও জানান, যুদ্ধাপরাধের বিচারে জাতিসংঘ মহাসচিব কারিগরী সহায়তা দেয়ার আগ্রহ দেখিয়েছেন। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তথ্য- উপাত্ত দিয়ে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে। এপ্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ অ্যাক্টের আওতায় দখলদার বাহিনীর সহযোগী হিসাবে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে কাউকে বিচারের আওতায় আনা হবে না। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মফিদুল হক, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিকেএস/এইচএ/২১৫০ ঘ.