ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি আনিসুল হক।
শনিবার সকালে রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজার (বনলতা মার্কেট) ঘুরে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রথম রোজায় কাঁচা মরিচ ও বেগুনসহ কয়েকটি পণ্যের দাম চড়া থাকলেও এখন তা কমে এসেছে।"
তিনি বলেন, "বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।''
এফবিসিসিআই-এর সভাপতি এক প্রশ্নের জবাবে বলেন, "রোজার মাসে দুই-একটি পণ্যের দাম বেড়ে যাওয়া স্বাভাবিক।''
বাজারে চিনির দাম বেড়ে যাওয়ার বিষয়টি তার সংগঠন তদন্ত করে দেখবে বলেও সাংবাদিকদের জানান তিনি।
আনিসুল হক আরও বলেন, "সরকার চিনির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। এরপরও কেনো চিনির দাম বাড়বে, তা খতিয়ে দেখতে হবে। চিনির দাম বাড়া অযৌক্তিক বলে আমি মনে করি।"
আনিসুল হক মনে করেন, রোজার সময়ে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যে উর্ধ্বগতি থাকে।
এ সময়ে বাজার মনিটরিং কমিটির সদস্য, এফবিসিসিআই-এর সহ-সভাপতি ও পরিচালকরাও উপস্থিত ছিলেন।
আনিসুল হক বাজারে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৯০৩ ঘ.
bdnews24