ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভেতরে চক্রান্তকারী রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করার আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব মির্জা আব্বাস।
শনিবার দুপুরে দলের এক সভায় তিনি বলেন, "দলে এখন ল্যাং মারামারি হচ্ছে। দলের ভেতরে চুপ করে বসে থাকা চক্রান্তকারী ও বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে।"
তিনি বলেন, "তারা দলের কর্মসূচিগুলো সফলভাবে যাতে বাস্তবায়ন না হয়, সেজন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা দলকে অসংগঠিত করতে চায়।''
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি দিবস পালনসহ অন্যান্য কর্মসূচি সফল করতে নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে মওলানা ভাসানী মিলনায়তনে ওই প্রস্তুতি সভা হয়।
এতে দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। সভাপতিত্ব করেন দিবস দু'টি উদযাপন কমিটির আহবায়ক বিএনপির যুগ্ম-মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়।
মির্জা আব্বাস সংস্কারপন্থীদের প্রতি ইঙ্গিত করে বলেন, "তারা ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতক। এখনও তারা দলের ভেতরে ষড়যন্ত্র করছে। এই বিশ্বাসঘাতকরা এখন দলে স্থান করে নিয়েছে, পুরস্কৃত হচ্ছে। অন্যদিকে যারা ওই সময়ে দলের জন্য জীবনবাজি রেখে কাজ করেছেন, তারা আজ লাঞ্ছিত হচ্ছেন, মামলায় পড়ছেন।"
গয়েশ্বর রায় দলীয় কর্মসূচিসমূহ সফল করার আহবান জানিয়ে বলেন, "আমাদের পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। আওয়ামী লীগ যেভাবে ফসল ঘরে তুলে ইঁদুর মারার ওষুধ প্রয়োগ করেছে, বিএনপিকেও ফসল ঘরে তুলে ইঁদুর মারতে হবে।"
প্রস্তুতি সভায় বক্তব্য দিয়েই মির্জা আব্বাস অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দিন, ৩ সেপ্টেম্বর দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব বর্তমানে লন্ডনে চিকিৎসারত তারেক রহমানের জামিনেমুক্তি দিবস উপলক্ষে একদিন, ১১ সেপ্টেম্বর দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ৬ ও ৭ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশসহ সাত দিনের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার প্রস্তুতি হিসেবে এ সভা হয়।
এতে দলের সহসভাপতি সারোয়ারি রহমান, যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাংসদ বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম মিয়া, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, বিএনপির প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মহিলা দলের শিরিন সুলতানা, কৃষক দলের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন খান মিলন, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমূখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এমআই/১৬১০ ঘ.
bdnews24