বগুড়া, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমি দখল ও কলা লুটের অভিযোগে বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরী শাহাজাদা, তার ছোট ভাই নয়ন চৌধুরী ও মামাতো ভাই রতন খাঁসহ দলের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলার ভুরঘাটা গ্রামের চাতাল ব্যবসায়ী আব্দুল জলিল বৃহস্পতিবার রাত ১১টায় শিবগঞ্জ থানায় মামলাটি করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলা নিয়ে যাওয়ার সময় গভীর রাতে রায়নগর গ্রামের লালমিয়া ও আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ আব্দুল জলিল ও তার ভাইদের সাত বিঘা জমি দখল করে তাতে লাল পতাকা উড়িয়ে দেয়। তারা ২৪ শতক জমির ৪০০ গাছের কলা লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরী শাহাজাদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঘটনা সম্পর্কে কিছুই জানি না। সে সময় আমি মিটিং এ ছিলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24