ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণে ফরিদপুর, সাতক্ষীরা ও চাঁদপুর অঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি বাড়ায় নতুন করে বেশ কিছু গ্রাম ও জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
একদিন স্থির থাকার পর বৃহস্পতিবার গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি সাত সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এর ফলে ফরিদপুর সদর উপজেলার চারটি ইউনিয়নের ১০৭টি গ্রাম প্লাবিত ও প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সাতক্ষীরায় কপোতাক্ষ নদ ও বেতনা নদীর পানি ৬-৭ ফুট পর্যন্ত বাড়ায় আশপাশের আবাদি জমি, পুকুর, বীজতলা ও মাছের ঘের ডুবে গেছে। চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মতলবে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকউল্লাহ জানান, পানি বাড়ায় ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের পদ্মা নদীর পাশের ১০৭টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম জানান, পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদী ভাঙন শুরু হয়েছে। বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোহনমিয়া হাট ও আদর্শ গ্রাম-২ এলাকায় ৩০টি বাড়ি ও ২০টি দোকানঘর নদীতে বিলীন হয়ে গেছে। সেখানে এখন পর্যন্ত কোনও সরকারি সাহায্য পৌঁছেনি।
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদিকউজ্জামান জানান, ইউনিয়নের ভূঁইয়াডাঙ্গি গ্রামের প্রায় দুইশ' একর ফসলী জমি বিলীন হয়ে গেছে।
আলিয়াবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান জানান, গদাধরডাঙ্গী বেড়িবাঁধে আশ্রয় নেওয়া একশ' পরিবারের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার পরিবার প্রতি ২০ কেজি চাল ও নগদ পাঁচশ' টাকা বিতরণের কথা রয়েছে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার জানান, সরকারিভাবে ঘোষণা দেওয়া না হলেও আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০টি পরিবার আশ্রয় নিয়েছে।
ফরিদপুর জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মহাদেব সাহা জানান, তার কার্যালয়ে বন্যা তথ্য কেন্দ্র খোলা হয়েছে। বন্যার্তদের সাহায্যের জন্য মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।
সাতক্ষীরা: কলারোয়া ও তালা উপজেলায় কপোতাক্ষ নদ দুই মাস আগেও পানির অভাবে শুকিয়ে গেলেও টানা বর্ষণে তা এখন রুদ্র রূপ নিয়েছে।
কলারোয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম লাল্টু জানান, বৃহস্পতিবার সকালে কপোতাক্ষের পানির তোড়ে মুরারীকাঠি বাঁধ ভেঙ্গে কলারোয়া পৌর সদরের বেশ কিছু এলাকা ডুবে গেছে। এছাড়া খোঁরদো বাজারের পাশে গড়গড়িয়া সড়ক যেকোন মুহূর্তে ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে কচুয়ার বিল, কাজির বিল, ওফাকুড় বিল, জুবিখালি খাল দিয়ে কপোতাক্ষের পানি ঢুকে প্লাবিত করছে দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙা, মালোপাড়া, মাঠপাড়া, পাকুড়িয়া, খানপাড়া, খোরদো ও মধ্যপাড়া এলাকা।
বর্ষার পানিতে সাতক্ষীরা সদর উপজেলার চারটি ইউনিয়নে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। ঝাউডাঙ্গা, লাবসা, বল্লী ও ফিংড়ী ইউনিয়নে আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
তালা উপজেলার জেঁঠুয়া বিলের ভেঙ্গে যাওয়া বাঁধ এখনও মেরামত না করায় কপোতাক্ষের পানি ঢুকছে কমপক্ষে পাঁচটি গ্রামে। গত ২২ আগস্ট রাতে বাঁধটি পানির তোড়ে ভেঙ্গে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানিয়েছেন, তিনটি গ্রামের চার শতাধিক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
এদিকে টানা বৃষ্টির কারণে সাতক্ষীরার সীমান্তনদী ইছামতি, কালিন্দী ও সোনাই নদীর পানি আরো বেড়েছে। এসব এলাকার বেড়িবাঁধগুলো হুমকির মুখে রয়েছে।
কপোতাক্ষের পানিতে পাটকেলঘাটা থানার কুমিরা, রাড়িপাড়া, ভারসা, আচিনতলা, কাশিপুর, সরুলিয়া ও ইসলামকাটির রাস্তাঘাট বীজতলা, আমনক্ষেত ও মাছের ঘের তলিয়ে গেছে।
চাঁদপুর: মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মতলবে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে।
মতলব ফেরিঘাটের ইজারাদার জসিম উদ্দিন জানান, ধনাগোদা নদীতে পানি বাড়ার কারণে মতলব দক্ষিণ ও মতলব উত্তর রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নদীতে পানি বাড়ায় ফেরির পন্টুনের গ্যাংওয়ে ডুবে রয়েছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় মেঘনার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার, ডাকাতিয়ার পানি ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সকাল নয়টায় মেঘনার পানি পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
তিনি জানান, তবে চাঁদপুর সেচ প্রকল্প বাঁধ, চাঁদপুর শহর রক্ষা বাঁধ ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি বা বাঁধেও কোন ফাটল দেখা দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/২৩০৬ ঘ.
bdnews24