ঢাকা আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- স্কুল শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার কারণে স্থগিত বিস্কুট বিতরণ কার্যক্রম আবারো চালু হচ্ছে। একইসঙ্গে ইউরোপীয় কমিশনের সহায়তায় চলতি অর্থ বছরে ৮০০ কোটি টাকা ব্যয়ে ৮০টি উপজেলায় এ ধরনের আরেকটি প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী ডা. আফসারুল আমীন বলেন, "বিস্কুট খেয়ে অসুস্থতার কারণে যেসব স্কুলে বিস্কুট বিতরণ কর্মসূচি বন্ধ রাখা হয়েছিল তা শিগগির চালু করা হবে। রমজান মাসে যে কয়দিন স্কুল খোলা থাকবে সে কয়দিন বিস্কুট বিতরণ চলবে।"
স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) দেশের সাত হাজারের বেশি স্কুলে উচ্চ পুষ্টিমানসম্পন্ন বিস্কুট বিতরণ করে আসছে।
গত জুন মাসে খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট ও বরগুনাসহ কয়েকটি এলাকার স্কুলে শিশুরা এ বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়লে আক্রান্ত স্কুলগুলোতে বিস্কুট বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত সচিব বদরুল আলম তরফদার ও বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের প্রতিনিধি জন অ্যালিফ বক্তব্য দেন।
তারা বলেন, অসুস্থতার পর বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে বিস্কুট পরীক্ষা করা হয়। কিন্তু এতে কোনো প্রকার জীবাণু বা ছত্রাক পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তারা বলেন বেশ কয়েকটি কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে। এরমধ্যে উচ্চ পুষ্টিমান সম্পন্ন বিস্কুট প্রথমবারের মতো খাওয়া, এক সঙ্গে আটটি (৭৫ গ্রাম) বিস্কুট খাওয়া, খালি পেটে খাওয়া, বিস্কুট খেয়ে পর্যাপ্ত পানি পান না করা, বিরূপ আবহাওয়া (অত্যধিক গরম) ও মানসিকভাবে আতঙ্কিত হয়ে অসুস্থতা হওয়া।
বিস্কুট কর্মসূচির গুরুত্ব ও চাহিদার পক্ষে মত দিয়ে আফসারুল আমীন বলেন, "বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের মান নিয়ন্ত্রণ পদ্ধতি ঢেলে সাজিয়েছে যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।"
ভারপ্রাপ্ত সচিব বদরুল আলম তরফদার জানান, বিস্কুট বিতরণ কর্মসূচির সাফল্যের কারণে সরকার ইতোমধ্যে ইউরোপীয় কমিশনের সহায়তায় ছয়টি বিভাগের দশটি উপজেলায় এ ধরনের একটি প্রকল্প শুরু করেছে। এছাড়া ৮০০ কোটি টাকা ব্যয়ে ৮০টি উপজেলায় এ ধরনের কর্মসূচি পরিচালনার জন্য অন্য একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের জন্য অপেক্ষা করছে যা এ অর্থ বছরে শুরু হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২০৪৩ঘ.
bdnews24