বরিশাল, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীতে সিটি বাস সার্ভিস চালু করা হয়েছে। সকালে দুটি বাস চালুর পর এ সার্ভিসের বিরোধিতাকারী টেম্পো শ্রমিক সেগুলো ভাঙচুর করে। এ নিয়ে নগরীতে পুলিশ এবং টেম্পো শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
এ সময় টেম্পো শ্রমিকরা চারটি অটোরিকশাও ভাঙচুর করে।
ঘটনার পর থেকে বরিশাল নগরীতে সিটি সার্ভিসের বাস চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে টেম্পো শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।
পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন কমবেশি আহত হয়েছেন। শ্রমিকরা সিটি সার্ভিসের এক বাসযাত্রীকে মারধর করে। বাসযাত্রী মো. রুবেলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিটি সার্ভিসের বাস ভাঙচুর এবং চলাচলে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ পাঁচ টেম্পো শ্রমিককে আটক করেছে। আটককৃতরা হলেন- নোমান, ছালাম, হানিফ, নাসির ও মোহম্মদ আলী।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, "নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা করার তা আমরা করব।"
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ থেকে সিটি সার্ভিস উদ্ধোধন করেন। প্রাথমিকভাবে এর আওতায় ২৫ সিটের দু'টি বাস চলাচল শুরু করে।
ওসি জানান, একটি বাস বিএম কলেজ এলাকা থেকে নগরীর সদর রোডে পৌঁছানোর পর টেম্পো শ্রমিকরা হামলা চালিয়ে ভাঙচুর করে। একইসঙ্গে শ্রমিকরা সিটি সার্ভিস বন্ধের জন্য মিছিল নিয়ে বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। কিন্তু বিষয়টি সিটি কর্পোরেশনের বলে জেলা প্রশাসক মেয়রের সঙ্গে দেখা করার জন্য তাদের পরামর্শ দেন।
এ ঘটনার পর উত্তোজিত শ্রমিকরা লঞ্চ ঘাট এলাকায় অটোরিকশা মালিক সমিতির কার্যালয়ে হামলা চালায় এবং চারটি অটোরিকশা ভাঙচুর করে। পরে তারা নথুল্লাবাদ এলাকা থেকে ছেড়ে আসা সিটি সার্ভিসের অপর বাসটি ভাঙচুর করে। এ সময় পাঁচ শ্রমিককে আটক করা হয়।
এ নিয়ে সেখানে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "নগরীতে অবৈধভাবে অটোরিকশা চলাচল করছে। তাতে টেম্পোগুলোতে যাত্রী সংকট দেখা দিয়েছে।
"নগরীতে বাস চলাচল শুরু হলে টেম্পো শ্রমিকরা না খেয়ে মারা যাবে। এ সব কিছু বিবেচনা করেই আমরা বাস চলাচলের বিরোধিতা করছি।"
তিনি বলেন, "সিটি সার্ভিস বন্ধের দাবি মানা পর্যন্ত টেম্পো ধর্মঘট চলবে।"
সিটি মেয়র শওকত হোসেন হিরণ বলেন, "আমার নির্বাচনী ইশতিহারে সিটি সার্ভিসের বিষয়টি ছিল। তাছাড়া সিটি সার্ভিস নগরবাসীর দাবি। নগরবাসীর কথা ভেবেই বৃহস্পতিবার নগরীতে বাস সার্ভিস চালু করা হয়েছে। এটি চলবেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.
bdnews24