বান্দরবান, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর) - বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্যম বাইশারী এলাকা থেকে দুই রাবার বাগান কর্মচারীকে অপহরণের সঙ্গে জড়িত আটজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে অপহরণের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হল।
গত ১৬ আগস্ট মধ্যম বাইশারীর পিএইচপি রাবার বাগানের সুপারভাইজার হেফাজেতুর রহমান এবং মহিউদ্দিনের রাবার বাগানের শ্রমিক নাজের মিয়াকে অপহরণ করা হয়। অপহরণের তিনদিন পর নাজের মিয়া এবং আটদিন পর হেফাজেতুর রহমানকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্তর কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল হক জানান, পুলিশ ও বিডিআর অভিযান চালিয়ে বাইশারীর বাদুরঝিরি ও রাঙ্গাঝিরি এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে অপহরণের জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে। অপহরণের শিকার দুজনের দেওয়া তথ্য ও বর্ণনা অনুসারে এদের সনাক্ত করা হয়।
তিনি জানান, ভোরে বাদুরঝিরি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী রাঙ্গাঝিরি এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনা কুমার চাকমা, বুদ্ধমনি চাকমা, জীবন চাকমা, মঙ্গল চাকমা, বহিরা চাকমা, ওয়াফে ওরফে প্রকাশ চাকমা, সাইদা ম্রো ও উবাচিং মারমা।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বাড়ি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বাইশারী এলাকায়। তাদের বাইশারী পুলিশ ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
রাবার বাগানের দুই কর্মচারী অপহরণের তিনদিন পর অংসাই চাক ও মংওয়াই চাক নামে বাইশারীর দুই ব্যক্তিকে বিডিআর আটক করে। পরদিন ২০ আগস্ট হেফাজেতুর রহমানের বাবা সৈয়দ আহমদ এ দুজনসহ ১০/১২ জনকে আসামি
করে মামলা করেন।
জিজ্ঞাসাবাদে আটক দুজন অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24