ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির একটি মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
ব্যবসায়ী হারুণ ফেরদৌসের দায়ের করা এ মামলায় ২০০৭ সালের ১ জুলাই হাইকোর্ট মামুনকে জামিন দেয়। এর বিরুদ্ধে বাদির আবেদনে একই বছরের ৬ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
বাদির আপিল আবেদনের শুনানির পর বৃহস্পতিবার বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ মামলাটিতে পুলিশ প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত মামুনকে জামিন দেয়।
মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক।
তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত মামুনের বিরুদ্ধে গত ২০০৭ সালের ২৭ মার্চ গুলশান থানায় মামলাটি করা হয়।
এদিকে বুধবার রাজস্ব বোর্ডের দায়ের করা প্রায় ১৪ কোটি টাকা কর ফাঁকির একটি মামলায় মামুনের বিরুদ্ধে ওই দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিচারিক আদালত।
মামুন বর্তমানে কারা অন্তরীণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৩০০ ঘ.
bdnews24