ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদার দাবিতে রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনের পাহারাদারকে মঙ্গলবার ভোরে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
এছাড়া সোমবার রাতে কাফরুলের ইব্রাহিমপুর থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
মিরপুরে নিহত মো. শাহীন (৩২) ও কাফরুলের তানিয়ার (২২) লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্ব মনিপুরের ১০৮৪/২ নম্বর হোল্ডিংএ বহুতল ভবন নির্মাণ করছিল 'এথেনা ডেভেলপারস' নামে একটি প্রতিষ্ঠান। সোমবার দুপুর ১২টার দিকে কয়েকজন সন্ত্রাসী নির্মাণস্থলে গিয়ে কোম্পানির ব্যবস্থাপককে খোঁজে বলে পুলিশ জানায়।
মিরপুর থানার উপ-পরিদর্শক অনিমেষ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবস্থাপককে না পেয়ে তারা শাহীনকে তাদের কথা ম্যানেজারকে জানাতে বলে যায়। এরপর মঙ্গলবার ভোররাতে সেহরির সময় ওই নির্মাণাধীন ভবনে ঢুকে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে ও মাথায় গুলি করে চলে যায় সন্ত্রাসীরা।"
পুলিশ ধারণা করছে, চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত দু' মাসে মিরপুর ও কাফরুল থানা এলাকায় চাঁদার দাবিতে অন্তত ১২টি নির্মাণাধীন ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে।
ইব্রাহিমপুরের ৬৮৮/১ নম্বর বাসার একটি কক্ষ থেকে তানিয়ার (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
কাফরুল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান, গত ১ জুলাই জনৈক পাভেল স্ত্রী নিয়ে থাকার কথা বলে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। এরপর গত কয়েকদিন ধরে কক্ষটি তালাবদ্ধ ছিল। সোমবার পচা গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়।
পুলিশের ধারণা, ২/৩দিন আগে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তানিয়াকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে একটি মামলা দায়ের করা হলেও পাভেল বা অন্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৯০০ ঘ.
bdnews24