২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি ৫ অক্টোবর

দীর্ঘদিন পর বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেন সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এই তারিখ ধার্য করেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন পর বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেন সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এই তারিখ ধার্য করেন। প্রায় দুই বছর আগে ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছিল। বিচারক সংকটের কারণে এতদিন বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত বিচারকাজ শুরু করা যায়নি। গত ১৪ জুলাই আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের ফলে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানির পথে বাধা দূর হয়। শুনানির দিন ধার্যের পর আনিসুল হক সাংবাদিকদের বলেন, "আগামী ৫ অক্টোবর থেকে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি শুরু হবে। বেঞ্চ গঠনের এখতিয়ার প্রধান বিচারপতির। তিনি যে বেঞ্চ গঠন করবেন সে বেঞ্চেই শুনানি হবে।" কবে নাগাদ শুনানি শেষ হবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বিচার প্রক্রিয়া কবে শেষ হবে।" অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি বিলম্বিত করার জন্য বিভিন্ন মহল ষড়যন্ত্র করেছে। এখনও চক্রান্ত চলছে কিনা বলা যাচ্ছে না। আমরা এ ব্যাপারে সজাগ রয়েছি।" এর আগে সকালে আপিল শুনানির তারিখ নির্ধারণের জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদন করে রাষ্ট্রপক্ষ । সোমবার সকাল পৌনে ১০টায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির নিয়মিত বেঞ্চে এই আবেদন জানান। আদালত এই আবেদন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে করার পরামর্শ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এএল/এইচএ/১৭৩২ঘ.