ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে রাতে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে দিনে লোডশেডিং বাড়ছে। যদিও রাতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে নগরবাসীর।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী রোববার বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, "রজানে দিনের বেলা বিদ্যুতের লোড শেডিং কিছুটা বাড়বে। তবে রাতে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায়, সে বিষয়টি নিশ্চিত করছে সরকার।"
"রাতে বাসা-বাড়ির চেয়ে মসজিদগুলোতে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হবে", বলেন তৌফিক।
রমজানের আগেই রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বিদ্যুতের লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছালে সরকারের তরফে তা কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। দিনের আলোর সর্বাত্মক ব্যবহারের জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্যই ব্যবসায়ীদের প্রতিবাদের মুখেও রমজানে শুক্র ও শনিবার ছাড়া রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে শুক্র ও শনিবার রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার কথা জানানো হয়।
উপদেষ্টা জানান, রমজান মাসে দিনের বেলা যে গ্যাস সাশ্রয় হবে, তা সংরক্ষণ করে রাতের বেলা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।
রমজান শুরুর কয়েকদিন আগে বিদ্যুৎ মন্ত্রণালয়ে এক বৈঠকে পিক আওয়ারে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পিক আওয়ারে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়।
তবে এ সবের পরও আশ্বস্ত হতে পারছে না রাজধানীবাসী।
কাঁঠালবাগানের বাসিন্দা নাজমুল হক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব সিদ্ধান্ত ও পদক্ষেপের কোনওটিই যে কাজে আসেনি, তা বোঝা যায় দিনভর বিদ্যুতের আসা যাওয়া দেখে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএইচ/এমআই/১৮০০ ঙ.
bdnews24