২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের প্লট না পেলে সুদসহ টাকা ফেরতের সুপারিশ

কোনও আবেদনকারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকল্পের প্লট না পেলে তাকে তার জমা দেওয়া অর্থ সুদসহ ফেরত দেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 11:34 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনও আবেদনকারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকল্পের প্লট না পেলে তাকে তার জমা দেওয়া অর্থ সুদসহ ফেরত দেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। রাজধানীতে প্লট বা ফ্ল্যাট থাকার পরও যারা প্লট পেয়েছে রাজউককে তার একটি তালিকা দিতেও বলা হয়েছে। রোববার সংসদ ভবনে এক বৈঠকের পর কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের একথা জানান। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান প্লটের জন্য জমা হিসেবে আবেদনকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু লটারিতে প্লট পেতে ব্যর্থ হলেও ওই জমা টাকা ফেরত দিতে তারা বছরের পর বছর সময় পার করে দেয়। আলমগীর বলেন, "আবেদনকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে রাজউক তার ব্যাংক হিসাবে জমা রাখে। এরপর যেসব আবেদনকারী প্লট পেতে ব্যর্থ হয় তাদেরকে শুধু মূল জমা টাকাই ফেরত দেয়। "আমরা সুপারিশ করেছি যে রাজউক যেন প্লট না পাওয়া আবেদনকারীদের মূল টাকা সুদসহ ফেরত দেয়। কারণ, তাদের টাকার মাধ্যমে রাজউকের ব্যাংক হিসাবে সুদ জমা হয়। তাই টাকা তাদের প্রাপ্য।" সুদসহ টাকা ফেরত দিতে আইনি কোনও বাধা নেই বলেও সাংবাদিকদের জানান সাবেক এই সচিব। আলমগীর বলেন, "উল্টো জমা টাকা লাভসহ ফেরত না দিয়ে আবেদনকারীদের সঙ্গে অবিচার এবং আইন ভঙ্গ করছে রাজউক।" বৈঠকের পর কমিটির আরেক সদস্য মইন উদ্দীন খান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্যপত্রে দেওয়া হিসাব অনুযায়ী রাজউকের কাছে আবেদনকারীদের প্রায় ৪২৭ কোটি টাকা জমা আছে। "রাজউকের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আমরা খুবই অসন্তুষ্ট", বলেন বাদল। কমিটির চেয়ারম্যান আলমগীর জানান, রাজউক ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত পাঁচ বছরের কোনও আর্থিক প্রতিবেদন দেয়নি। তিনি বলেন, রাজধানীতে প্লট বা ফ্ল্যাট থাকার পরও যে সব প্রভাবশালী প্লট পেয়েছে রাজউককে তাদের একটি তালিকা জমা দিতে বলা হয়েছে। আলমগীর বলেন, "আমাদের কাছে প্রমাণ আছে যে ঢাকা নগরীতে কয়েকটি বাড়ি থাকা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেন সরকারি প্লট নিয়েছেন। তিনি এসব বাড়ি থাকার তথ্য গোপন করেছেন এবং এই কাজ করে অন্যায় করেছেন।" তিনি বলেন, প্লট বরাদ্দের শর্তানুসারে যদি কোনও প্লট প্রাপ্ত ব্যক্তি রাজউককে মিথ্যা তথ্য দেন বা তথ্য গোপন করেন তাহলে রাজউক তার বরাদ্দ যে কোনও সময় বাতিল করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এমআই/১৭৪৮ ঘ.