সাভার, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের জিরানী এলাকায় শনিবার গভীর রাতে একটি মার্কেট এবং এর পাশের কলোনিতে আগুন লেগে অন্তত ৫০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।
আগুন নেভাতে দিয়ে আহত হয়েছেন পাঁচজন।
অগ্নিকাণ্ডের শিকার নুর হোসেন মার্কেটের মালিক বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার গভীর রাতে মার্কেটের জব্বারের মুদি দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যে আগুন পুরো মার্কেট এবং পাশের কলোনিতে ছড়িয়ে পড়ে।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে ঘরের টিন, কাঠ, বাঁশ ছিটকে পড়ে পাঁচজন আহত হয়েছেন। এরা হলেন- অপু, হাবিব, লোকমান, কায়সার ও সুমন। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বেলায়েত হোসেন দাবি করেন, মার্কেটের ১৬ টি দোকান এবং কলোনির ৩৪টি ঘর পুড়ে গেছে। এসব ঘরে পোশাক শ্রমিকসহ স্বল্প আয়ের লোকজন ভাড়া থাকেন।
তার দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলোনির ভাড়াটিয়া পোশাক কর্মী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনের তাপে গভীর রাতে ঘুম ভেঙে গেলে তিনি ঘরে আগুন জ্বলতে দেখেন। কোন রকমে স্ত্রী-সন্তানদের নিয়ে দ্রুত বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পান।
তিনি জানান, তার ফ্রিজ, টেলিভিশনসহ ঘরের সব মাল পুড়ে গেছে।
আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) সেকান্দর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনের খবর পেয়ে তারাও ঘটনাস্থলে ছুটে যান। যাতে কোন লুটপাটের ঘটনা না ঘটে সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
এ ব্যাপারে দমকল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২০ ঘ.
bdnews24