২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলদস্যুদের কবল থেকে বরগুনার চার জেলেকে উদ্ধার

বরগুনার অপহৃত চার জেলেকে শনিবার সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবানের সুখপাড়া থেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। ওইদিন দুপুর ১২ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কয়েক দফায় কোস্টগার্ডের সঙ্গে জলদস্যু রুস্তম বাহিনীর গোলাগুলি হয়েছে। তবে কোন জলদস্যুকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

বরগুনা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার অপহৃত চার জেলেকে শনিবার সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবানের সুখপাড়া থেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। ওইদিন দুপুর ১২ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কয়েক দফায় কোস্টগার্ডের সঙ্গে জলদস্যু রুস্তম বাহিনীর গোলাগুলি হয়েছে। তবে কোন জলদস্যুকে আটক করতে পারেনি কোস্টগার্ড। অপরদিকে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার সাত জেলে রোববার সকালে পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছে। অপহৃত ৭৮ জেলের মধ্যে এ পর্যন্ত ১১ জেলে মুক্তি পেয়েছে। কোস্টগার্ডের ভোলা-বরগুনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে কয়েকদিন ধরে তারা শরণখোলার উপকূলীয় ও সুন্দরবন এলাকায় অভিযান চালাচ্ছেন। সুন্দরবনের সুখপাড়া এলাকায় শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সঙ্গে জলদস্যু রুস্তম বাহিনীর গোলাগুলি হয়েছে। দস্যুরা তাদের আস্তানা থেকে পিছু হটে। কোস্টগার্ড প্রায় ২৫/৩০ রাউন্ড গুলি করেছে বলে তিনি জানান। কোস্টগার্ড কর্মকর্তা বলেন, ''জলদস্যুদের আস্তানা থেকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের জাফর হোসেন, সঞ্জয় তালুকদার, অলি ও দুলাল পহলানকে উদ্ধার করা হয়েছে।'' মঙ্গলবার সাগরে মাছ ধরার সময় বরগুনার ৪১ জন জেলেকে জলদস্যুরা অপহরণ করে। এর আগে বিভিন্ন সময় আরও ৩৭ জনকে অপহরণ করা হয়। দস্যুরা এদের সুন্দরবন ও সংলগ্ন দুর্গম এলাকায় আটকে রেখে মুক্তিপণ দাবি করে। জেলেদের উদ্ধারে বরগুনা, বাগেরহাট, খুলনার কোস্টগার্ড বৃহস্পতিবার থেকে অভিযানে নেমেছে। শুক্রবার বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে দুটি বন্দুক ও আট রাউন্ড গুলিসহ এক দস্যুকে আটক করা হয়। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জলদস্যু জুলফিকার বাহিনীকে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে রোববার সকালে আকবর মুন্সী, সোলেমান, জয়নাল মাঝি, আবদুল মালেক, মুনসুর আলী, ইউনুস মিয়া ও ইউসুফ আলীকে ছাড়িয়ে আনা হয়েছে। রোববার সকালে তারা পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছেন। এদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২৮ ঘ.