চাঁদপুর, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে চাঁদপুরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মামলা করেছে আরেক নেতা।
মামলার আসামি করা হয়েছে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদারসহ ১১ জনকে। মামলাটি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নীলকমল ঘাট ইজারাদার জি এম জাহিদ হোসেন।
শনিবার হাইমচর থানায় এ মামলা দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ তদন্ত করা হচ্ছে।
শুক্রবার রাতে নীলকমল লঞ্চঘাটে জাহিদের ব্যবসায়িক অংশীদার উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর পাটওয়ারী, হাফেজ মিলিটারি, সিরাজ ভূঁইয়া ও আবু বেপারীর ওপর হামলা হয়।
জাহিদের অভিযোগ, মোতালেব জমাদারের নির্দেশে তার ভাগ্নে উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির মেম্বারের নেতৃত্বে ওই হামলা হয়। হামলাকারীরা বাদীর অনুসারীদের মারধর করে এবং নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।
হামলাকারীরা মুনছুর পাটওয়ারী ও হাফেজ মিলিটারিকে অপহরণ করে মোতালেব জমাদারের বাড়ির সামনে সোনালী ব্যাংক এলাকার একটি দোকানে আটকে রাখে বলেও এজাহারে অভিযোগ করা হয়।
পুলিশ রাতেই অপহৃতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ঘটনাস্থল থেকে নাছির মেম্বার (৪০) ও খাজা আহম্মদ তালুকদার (৫৫) নামে দুজনকে গ্রেপ্তারের পর শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহারে বলা হয়, মোতালেব নীলকমল নৌ-ঘাটে চাঁদা দাবিসহ টোল আদায়ে বাধা দিচ্ছে।
মোতালেব জমাদারকে একজন চাঁদাবাজ ও সন্ত্রাসের মদদদাতা আখ্যায়িত করে জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোতালেব জমাদার ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে চর ভৈরবীতে যাত্রা ও জুয়ার আসরে চাঁদার দাবিতে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা রাজ্জাক প্রধানিয়াকে হত্যা করে।
"এরপর ১৯৯৮ সালে কাটাখালীতে পাউবো ঠিকাদারদের কাছে চাঁদার দাবিতে হামলা ও সংর্ঘষ চালায়।"
তবে এ সব অভিযোগ অস্বীকার করে মোতালেব জমাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবৈধভাবে নীলকমল ঘাটে লঞ্চ ও জাহাজ হতে চাঁদা আদায়কালে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মুনছুর পাটওয়ারী ও হাফেজ মিলিটারিকে আটক করলে আমি ঘটনা মীমাংসা করব বলে তাদের আলগী বাজারে নিয়ে আসতে বলি।"
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের ষড়যন্ত্রমূলক বলেও অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/কিউএইচ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24