২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ফ্লাইট সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পাঁচটি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালানোর কারণে বিমানকে মাসে একটি-দুটি গন্তব্যে যাত্রা বাতিল করতে হচ্ছে বলে জানিয়ে এ সংকট নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালানোর কারণে বিমানকে মাসে একটি-দুটি গন্তব্যে যাত্রা বাতিল করতে হচ্ছে বলে জানিয়ে এ সংকট নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা)। তারা এ সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন। বিমানের প্রশাসনিক কার্যালয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন এসএম হেলাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, "পর্যাপ্ত ফ্লাইট না থাকায় এবং উড়োজাহাজ সংগ্রহে দেরি হওয়ায় বিমান বিপুল মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে। বিদেশী সংস্থাগুলো এই সুযোগকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে।" তিনি আরো বলেন, "বর্তমানে একমাত্র বিমানই ডিসি-১০ ফ্লাইট চালাচ্ছে। এটা বর্তমান প্রতিযোগিতার বাজারে খুবই সেকেলে।" এ সংবাদ সম্মেলনে বাপা অবিলম্বে বিমানের পরিচালনা পর্ষদের সভা আহ্বানের দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমানের পরিচালনা পর্ষদ গত ১৮ আগস্টের সভায় একটি লিজিং কোম্পানির তিনটি ৭৭৭-২০০ ই আর ফ্লাইটের প্রস্তাবকে স্বচ্ছতার প্রশ্নে প্রত্যাখান করে এবং ফের লিজ প্রস্তাব আহ্বানের নির্দেশ দেয়। হেলাল সেই অভিযোগকে ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করে বলেন, "বরং অত্যাধুনিক এই ফ্লাইটের জ্বালানি খরচ তুলনামূলকভাবে কম এবং দূরপাল্লার গন্তব্যে সরাসরি পরিচালনাযোগ্য।" তিনি বলেন, "বর্তমান সময়ে যাত্রীরা সাধারণত দূরের গন্তব্যে সরাসরি ফ্লাইটকেই প্রাধান্য দেন।" তিনি জানান, গত বছরের আগস্টে বিমান প্রথমবারের মতো ৭৭৭-২০০ ইআর ফ্লাইট লিজের জন্য প্রস্তাব আহ্বান করে। এতে বেশ কয়েকটি মতো নামকরা কোম্পানি অংশ নেয়। তবে যাচাই-বাছাই প্রক্রিয়া এবং বোর্ড সিদ্ধান্তের দীর্ঘসূত্রতার কারণে একের পর এক প্রস্তাব হাতছাড়া হয়ে যায়। ক্যাপ্টেন হেলাল বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বহরে দ্রুত পর্যাপ্ত ফ্লাইট যুক্ত করে এবং বিমানের আধুনিকায়ন করে একে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএনএস/এসএইচ/২৩৩৭ ঘ.