২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের খুচরা বাজারে কাঁচা মরিচ ১৫০ টাকা কেজি

চট্টগ্রামের খুচরা বাজারে শুক্রবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি। কেবল কাঁচা মরিচ নয়, রমজানের ঠিক আগ মুহুর্তে নগরীর বাজারগুলোতে সব ধরনের সবজির দামই বেড়ে গেছে। অন্যসব ভোগ্যপণ্যের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও বৃষ্টি ও রোজার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামের খুচরা বাজারে শুক্রবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি। কেবল কাঁচা মরিচ নয়, রমজানের ঠিক আগ মুহুর্তে নগরীর বাজারগুলোতে সব ধরনের সবজির দামই বেড়ে গেছে। অন্যসব ভোগ্যপণ্যের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও বৃষ্টি ও রোজার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। শুক্রবার সকালে নগরীর রেয়াজুদ্দিন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ভাল মানের কাঁচামরিচ ১৫০ টাকা (বৃহস্পতিবার যা ছিল ১০০ টাকা কেজি) ও নিুমানের মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি বেগুন ৫০, খিরা ৩০ থেকে ৩৪, শসা ২২ থেকে ২৫, বাঁধাকপি ৩৬, বরবটি ২৪, কাকরোল ২৮ থেকে ৩০, পেঁেপ ১৮, পটল ২৪, করলা ২৮, মিষ্টি কুমড়া ১৬, আলু ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। রেয়াজুদ্দিন বাজার থেকে এক কিলোমিটার দূরের কাজীর দেউরী বাজারে ৪ থেকে ৭ টাকা পর্যন্ত বেশি দামে এসব সবজি বিক্রি হতে দেখা যায়। এছাড়া বাজারে প্রতি কেজি মুরগি (ব্রয়লার) ১০৫, মুরগি (দেশি) ২১০, গরুর মাংস (হাড় ছাড়া) ২৮০ ও গরুর মাংস (হাড়সহ) ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতা ও বিক্রেতারা জানান, একদিনের ব্যবধানে কাঁচা সবজির দাম কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ার জন্য বিক্রেতারা বৃষ্টিতে সরবরাহ কমের কথা বলছেন। অন্যদিকে রোজার কারণেই খুচরা বিক্রেতারা দাম বাড়িয়ে নিচ্ছেন বলে ক্রেতারা অভিযোগ করেন। রেয়াজুদ্দিন বাজারের খুচরা সবজি বিক্রেতা মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুদিন টানা বৃষ্টি থাকায় সবজির সরবরাহ কম। এজন্য দাম বেড়েছে।" অপরদিকে প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রমজানে নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হলেও তা খুচরা ব্যবসায়ীরা মানছেন না। তবে খেসারির ডাল ছাড়া দুই-তিনদিনে তেমন কোন পণ্যের দাম বাড়েনি। যদিও বাজার ভেদে এসব পণ্যের দামে ফারাক রয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী বাজারের বেশিরভাগ দোকানে পণ্য তালিকা দেখা যায়নি। যারা টানিয়েছেন তাদের দোকানের নির্ধারিত দরের সঙ্গে প্রশাসনের নির্ধারিত দরের কোন মিল নেই। খুচরা বাজারে প্রতিকেজি ছোলা ৪৮ থেকে ৪২, চিনি ৪৪, পেয়াঁজ ১৮, খেসারির ডাল ২ টাকা বেড়ে ৫৪ টাকা, মটর ২৪, রসুন ৬৪, আদা ১ টাকা বেড়ে ৬৫ টাকা, সয়াবিন (খোলা) ৭৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন কোম্পানির এক লিটারের সয়াবিন তেলের পলিব্যাগ বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৩ টাকায়। অথচ গত ১৭ আগস্ট সিটি কর্পোরেশনে উদ্যোগে ব্যবসায়ীদের বৈঠকে রমজানে প্রয়োজনীয় সাতটি ভোগ্যপণ্যের দর ঠিক করে দেওয়া হয়। তবে বাজারের ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রেই তা মানছেন না। সিটি কর্পোরেশন নির্ধারিত দর অনুযায়ী প্রতিকেজি চিনি ৪৪, পেয়াঁজ ১৭, খোলা সয়াবিন ৭৩, খেসারির ডাল ৪৮, মাঝারি মানের ছোলা ৪৩, মটর ২৩ টাকায় বিক্রির আশ্বাস দিয়েছিলেন খুচরা ব্যবসায়ীরা। এ বিষয়ে ব্যবসায়ী মোহাম্মদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। আমরা বেশি লাভ করছি না। কেনা দাম বেশি পড়ায় বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।" রোজার আগে ক্রেতারা এক সঙ্গে বেশি পণ্য কিনেন বলে দাম কিছুটা বেশি পড়ছে বলে মত দেন তিনি। রেয়াজুদ্দিন বাজারে আসা মধ্যপ্রাচ্য প্রবাসী খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদেশে রোজার সময় সব পণ্যের দাম স্থিতিশীল বা অন্য সময়ের চেয়ে কম থাকে। অথচ আমাদের দেশে ঠিক এর উল্টো।" তিনি বলেন, "প্রশাসনের নজরদারি না থাকলে কখনো দাম নিয়ন্ত্রণে রাখা যাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/এইচএ/২০০০ ঘ.