ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, তার স্বামী সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরী এবং অপর সাত জনের বিরুদ্ধে মাহাবুবুল ইসলামের দায়ের করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
সেইসঙ্গে মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও মাহাবুবুল ইসলামের প্রতি রুল জারি করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ রইসউদ্দিনের বেঞ্চ গীতি আরা সাফিয়া চৌধুরীসহ নয় জনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেয়। ওই দিনই তারা আবেদনটি দায়ের করেন।
গুলশান-২ এলাকায় একটি বাড়ি দখল, মারধর ও হত্যার হুমকির অভিযোগে যুক্তরাষ্ট্রের সেন্ট ফ্রান্সিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহাবুবুল ইসলাম গত ২ জুলাই গুলশান থানায় গীতি আরা সাফিয়া চৌধুরী, তার স্বামী এবং অপর সাত জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ওই মামলায় নাজিম কামরান চৌধুরীকে পুলিশ গ্রেপ্তারও করেছিল।
গীতি আরা সাফিয়া চৌধুরীসহ আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক এবং ব্যারিস্টার জিয়াউর রহমান খান।
এর আগে ওই বাড়িটি দখলের অভিযোগে ২০০৭ সালের ১৪ নভেম্বর নাজিম কামরান চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে মাহবুবুল ইসলামের স্ত্রী ফারহানা ইসলাম একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তা অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দাখিল করায় আদালত গত ১৩ জানুয়ারি মামলাটি খারিজ করে দেয়।
মামলায় ফারহানা ইসলাম অভিযোগ করেছিলেন, গীতি আরা সাফিয়া চৌধুরী ও তার স্বামী নাজিম কামরান চৌধুরী গুলশান-২ এর ৪১ নম্বর সড়কে তাদের বাড়ি ভাড়া নিয়ে সেখানে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান সাইনেজ, মেগাভিশন ও অ্যাডকম চালু করেন। কিন্তু ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পরও ভবনটি দখলে রাখেন অভিযুক্তরা।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়। ওই সরকারে প্রায় এক বছর শিল্প উপদেষ্টার দায়িত্ব পালন করেন গীতি আরা সাফিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24