চাঁদপুর, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজানের চাঁদ না দেখা গেলেও চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু করেছেন।
শনিবার পর্যন্ত তারা এ তিনদিন নফল রোজা রাখবেন। এর মধ্যে যে কোনো দিন সৌদি আরবে চাঁদ দেখার পর রোজা রাখা শুরু হলে তা ফরজ রোজা হিসেবে গণ্য করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে রোববার থেকে রোজা শুরু হতে পারে।
সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার বলেন, "বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিন হাজীগঞ্জসহ চাঁদপুরের অর্ধশত গ্রামের লোকজন নফল রোজা রাখবে। এর মধ্যে যে কোনো দিন সৌদি আরবে রোজা শুরু হলে তা ফরজ রোজার আওতায় পড়বে।"
মাওলানা আবু জোফার জানান, চাঁদপুরের পাঁচটি উপজেলার প্রায় অর্ধশত গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে একযোগে রোজা, ঈদসহ ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে আসছেন।
তিনি জানান, সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ তারা এখনো পাননি। চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনায় নফল রোজার নিয়তে রাতেই সেহরী খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু করেছেন। যদি চাঁদ দেখা যায় তবে স্বাভাবিকভাবেই তা ফরজ রোজা হিসেবে গণ্য হবে। অন্যথায় নফল রোজা হিসেবে গণ্য হবে।
তিনি জানান, বৃহস্পতিবার থেকে রোজা রাখার জন্য তাঁর নিজ এলাকা হাজীগঞ্জসহ চাঁদপুর জেলার অর্ধশত গ্রামের লোকজনকে বলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এমএসবি/১৮৫৩ ঘ.
bdnews24