ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলা কার্য তালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমম্বয়ে গঠিত বেঞ্চ শেখ হাসিনার আবেদনে এ আদেশ দেয়।
আদালতের আদেশে বলা হয়, "মামলা বাতিলের আবেদন শুনানির এখতিয়ার পরিবর্তন করা হয়েছে। তাই এটি কার্য তালিকা থেকে বাদ দেওয়া হলো।"
আদেশের পর শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "এ মামলাটি প্রত্যাহারের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া, এই আদালতের এখতিয়ারও পরিবর্তন করা হয়েছে। সে কারণে আদালত মামলাটি কার্য তালিকা থেকে বাদ দিয়েছে।"
গত বছরের ৭ জুলাই হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে।
ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না- তা জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশও দিয়েছিলো আদালত।
এর আগে শেখ হাসিনা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলাটি বাতিলের জন্য গত বছরের ২ জুন হাইকোর্টে আবেদন করেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএইচ/এমআই/১৬১০ ঘ.
bdnews24