২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দৌলতপুরে ১৪৪ ধারা জারি সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ'

মানিকগঞ্জের দৌলতপুরে কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করে আওয়ামী লীগ সরকার তার স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 09:45 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের দৌলতপুরে কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করে আওয়ামী লীগ সরকার তার স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, "একটি শান্তিপূর্ণ স্মরণ সভায় নিষেধাজ্ঞা জারি করে সরকার জনগণের কথা বলার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এ রকম অবস্থা সারা দেশেই করা হচ্ছে।" বিএনপি মহাসচিবের নির্বাচনী এলাকা মানিকগঞ্জের দৌলতপুরে বৃহস্পতিবার এক স্মরণসভা ও দোয়া মাহফিলে দেলোয়ারের সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও যাওয়ার কথা ছিলো। সালাউদ্দিনকে ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগ একইস্থানে একই সময়ে পাল্টা সমাবেশ ডাকলে প্রশাসন সেখানে বুধবার রাত থেকে ১৪৪ ধারা জারি করে। এর প্রতিক্রিয়ায় দেলোয়ার বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে আরও বলেন, "বিরোধী নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা ও নির্যাতন চালানো হচ্ছে। এর মধ্য দিয়ে তাদের (সরকার) আড়ালের কুৎসিত চেহারা ও অগণতান্ত্রিক মনোভাব আজ স্পষ্ট হয়ে উঠেছে।" বিএনপি ও অঙ্গসংগঠনের প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করতে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিলো। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সম্পূর্ণ খোঁড়া অজুহাতে মানিকগঞ্জের স্মরণ সভার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পেছনে সরকারের ওপর মহলেরও ইংগিত রয়েছে বলেও দাবি করেন তিনি। সরকারের সমালোচনা করে তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এলেও তার স্বভাব-চরিত্রের পরিবর্তন হয়নি। তারা যেভাবে দমন নীতি অনুসরণ করছে, তা চলতে থাকলে একদিন জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবেই। তখন আর মানুষ বসে থাকবে না।" " ঘটনা প্রবাহই বলে দেবে সেই অবস্থা কখন হবে", হুঁশিয়ারি উচ্চারণ করেন দেলোয়ার। তিনি বলেন, "সরকারের ব্যর্থতার কথা ওই স্মরণ সভায় আলোচনা হতে পারে ভেবেই এতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নিষেধাজ্ঞা করা হয়েছে বলে প্রশাসন যে বক্তব্য দিচ্ছে, তা সঠিক নয়।" সালাহউদ্দিন কাদেরকে বিশেষ অতিথি করায় স্থানীয় আওয়ামী লীগের আপত্তির কারণে নিষেধাজ্ঞা জারি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এটা ঠিক নয়। সালাহউদ্দিন কাদের চৌধুরী বিএনপির নেতা, সংসদ সদস্য। তিনি এ দেশের নাগরিক। তাকে কোনো বক্তব্য দিতে কেন বাধা দেওয়া হবে? এর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে।" বিষয়টি আওয়ামী লীগের এরকম মনোভাব সর্ম্পকে দেশ-বিদেশের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সংবাদ ব্রিফিং-এ অন্যদের মধ্যে সাংসদ বরকত উল্লাহ বুলু, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমূখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এমআই/১৫০০ ঘ.