২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রয়োজনীয় ক্যাম্পগুলোই কেবল 'স্থানান্তর' করা হয়েছে: জিওসি

চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী বলেছেন, নিরাপত্তার দিক থেকে গুরুত্বহীন ও অপ্রয়োজনীয় সেনা ক্যাম্পগুলোই কেবল পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে 'স্থানান্তর' করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী বলেছেন, নিরাপত্তার দিক থেকে গুরুত্বহীন ও অপ্রয়োজনীয় সেনা ক্যাম্পগুলোই কেবল পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে 'স্থানান্তর' করা হয়েছে। ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার শামিম চৌধুরী বলেন, এটি 'প্রত্যাহার' নয় বরং স্থানান্তর। ক্যাম্প 'স্থানান্তরে' কোনো ধরনের সমস্যা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। শান্তিচুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার বিষয়ে বুধবার চট্টগ্রাম সেনানিবাসে সাংবাদিকদের ব্রিফিং করার সময় মেজর জেনারেল শামিম চৌধুরী একথা বলেন। জিওসি বলেন, "প্রত্যাহার নয়,পার্বত্য চট্টগ্রামের সেনাক্যাম্পগুলো পুনর্বিন্যাস করা হচ্ছে।..নিরাপত্তার দিক থেকে প্রয়োজন না থাকায় এসব ক্যাম্প সংশ্লিষ্ট সেনানিবাসগুলোতে স্থানান্তর করা হয়েছে।" 'নিরাপত্তার প্রয়োজনে' আবার সেগুলো মোতায়েন করা হতে পারেও বলে তিনি জানান। পার্বত্য অঞ্চলে সংঘাত থামাতে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে একটি 'মাইলফলক' হিসেবে বর্ণনা করে শামীম চৌধুরী বলেন, "এ চুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় যেসব এলাকা থেকে সেনা ক্যাম্প সরানো হয়েছে সেগুলোতে বর্তমানে 'শারিরীকভাবে' সেনা উপস্থিতির প্রয়োজন নেই। "যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এ এলাকাগুলোতে কোন ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণের ক্ষমতা সেনাবাহিনীর রয়েছে।" রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া শুধু নিরাপত্তা বাহিনী দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন করা কঠিন বলেও অভিমত দেন জিওসি। তিনি মন্তব্য করেন, "ইতিহাসগত দিক থেকে বিবেচনা করলে বাঙালিরাই পার্বত্য চট্টগ্রামের আদিবাসী।" বর্তমানে শুধু স্পর্শকাতর এলাকায় সেনা ক্যাম্প মোতায়েন রয়েছে জানিয়ে মেজর জেনারেল শামীম বলেন, "এর আগেও ২০০৪ সালে ৬৪টি ক্যাম্প সরানো হয়েছিল। এবার করা হয়েছে ৩৫টি। চলমান সেনা কার্যক্রমের অংশ হিসেবে সবসময়ই সেনা মোতায়েন ও পুনর্বিন্যাস করা হয়।" এ স্থানান্তরের ফলে আর্থিক সাশ্রয় হবে বলেও জানান তিনি। ব্রিফিংয়ের আগে জিওসি'র মুখ্য স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শান্তি চুক্তির আগে ও পরের তথ্য-উপাত্ত সম্বলিত একটি তথ্যচিত্র দেখান। পার্বত্যাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৮৫ সালে এ অঞ্চলে সেনা ক্যাম্প ছিল ৩২৫টি। বিভিন্ন সময়ে নিরাপত্তার প্রয়োজনে তা বাড়ানো-কমানো হয়েছে। বর্তমানের ৩৫টি ক্যাম্প সরানোর আগে ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৩৫৬টি। সেনাবাহিনীর সংগৃহীত পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানান, শান্তি চুক্তির আগে ১৯৯৮ সাল পর্যন্ত এ অঞ্চলে ১৭৩ সেনা সদস্যসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ৩৪৩ জন নিহত এবং ৩৭৩ জন আহত হয়েছে। এসময় ২৪৩ জন আদিবাসীসহ মোট ১২৯৯ জন বেসামরিক নাগরিক নিহত ও ৮৬৯ জন আহত হয়েছে। এ সময়ের মধ্যে অপহরণের শিকার হন ৮৫৭ জন। ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিন সেনা সদস্যসহ আটজন নিহত ও আটজন আহত হয়েছে। এ সময় ২৭১ জন আদিবাসীসহ মোট ৩৭৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৭০৪ জন আহত হয়েছে। এছাড়া অপহরণের ঘটনা ঘটেছে ৭৯৫টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এএল/এসকে/২০০৯ঘ.