ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি বুধবার শুরু হয়েছে।
বৃহস্পতিবার সারা দেশে তা শুরু হবে।
ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ডিলারদের মাধ্যমে টিসিবি ভোজ্যতেল, চিনিসহ কয়েকটি নিত্যপণ্য বিক্রি করছে।
সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে টিসিবির গুদাম থেকে ডিলারদের পণ্য দেওয়ার মধ্য দিয়ে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
ডিলাররা বুধবারই ওয়ার্ডে ওয়ার্ডে পণ্য বিক্রি শুরু করবে।
বাণিজ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় পণ্য বিক্রি শুরু হবে।
ফারুক খান সাংবাদিকদের বলেন, "বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে রমজানের পরও টিসিবির বিক্রি কার্যক্রম চলবে।"
রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান টিসিবি জনসাধারণের কাছে ৪০ টাকা কেজি দরে চিনি ও ৫০ টাকা দরে ছোলা বিক্রি করবে।
এছাড়া প্রতি লিটার পাম তেল ৫৮ টাকা, খোলা সয়াবিন ৭০ টাকা এবং বোতলজাত সয়াবিন ৭৬ টাকা দরে বিক্রি হবে।
রমজানে বিক্রির জন্য টিসিবি পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে। তবে সে পণ্য এখনও আসেনি।
৩৭ হাজার ৫০০ টন চিনি এবং ২৫ হাজার টন ভোজ্য তেল কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে মন্ত্রী জানিয়েছেন।
আগে থেকে টিসিবির গুদামে থাকা ৩ লাখ ৭৯ হাজার লিটার সয়াবিন তেল, ১ হাজার টন চিনি, ১২ হাজার ৫০০ টন পাম ওয়েল বর্তমানে ডিলারদের দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, আরও ২৫ হাজার টন চিনি ও ১২ হাজার ৫০০ টন ভোজ্য তেল আমদানির জন্য এক সপ্তাহের মধ্যেই ঋণপত্র খোলা হবে।
এছাড়া ২০০ টন পেঁয়াজ এবং ১৫০ টন ছোলা আমদানি করারও উদ্যোগ নিয়েছে টিসিবি। তবে প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলে বাজার সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১১৫০ ঘ.
bdnews24