২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

রমজান ও ঈদকে সামনে রেখে সন্ত্রাস ও সড়কপথে চাঁদাবাজি বন্ধে পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান ও ঈদকে সামনে রেখে সন্ত্রাস ও সড়কপথে চাঁদাবাজি বন্ধে পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পুলিশ প্রধান বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে আমি এসব অভিযোগ পাচ্ছি। অথচ অন্যরা এ খবর পান না, এটা দুঃখজনক।" পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে চট্টগ্রাম বিভাগের ডিআইজি আসাদুজ্জামান মিয়া ও চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানসহ চট্টগ্রাম বিভাগের সব জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে রমজান ও ঈদকে সামনে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, জঙ্গি দমন এবং বাজার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নূর মোহাম্মদ গণমাধ্যম প্রতিনিধিদের জানান, রমজানকে সামনে রেখে পণ্য পরিবহনে ঘাটে ঘাটে চাঁদাবাজি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও চাঁদাবাজি কমছে না। চাঁদাবাজি বন্ধ ও রমজানে বিভিন্ন বিপণি বিতানে নিরাপত্তা বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সারা দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জঙ্গিবাদ এখন আন্তর্জাতিক সমস্যা। এ দেশে জঙ্গিদের তৎপরতা এখনও যে আছে তা অস্বীকার করার উপায় নেই। তবে পুলিশ ও র‌্যাবের তৎপরতার কারণে তারা সংগঠিত হতে পারছে না দাবি করে তিনি জানান, জঙ্গি দমনে পুলিশ সতর্কতার সঙ্গে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসএইচ/এইচএ/২২৪০ ঘ.