ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬১ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
প্রকল্পটি হচ্ছে সড়ক ও রেলপথ বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের 'টুঙ্গীপাড়া-কোটালীপাড়া (মাঝবাড়ী) সড়ক উন্নয়ন প্রকল্প'।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ প্রকল্পটি অনুমোদন করা হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, সম্পূর্ণ সরকারি অর্থে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/এমআই/১৯১৩ ঘ.
bdnews24