২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটপাড়ায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোটগ্রহণ সোমবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

নেত্রকোনা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোটগ্রহণ সোমবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ দুটি কেন্দ্রের ভোটসহ মোট ১৩ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মোকাম্মেল হোসেন বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কেশব রঞ্জন সরকার পেয়েছেন ১৩ হাজার ২৫১ ভোট। সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, চেয়ারম্যান পদে উপজেলার দিয়াড়া ও রামসিদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কোথাও অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ দুটি কেন্দ্রে ভোটার ৪৩৩১ জন। এর মধ্যে রামসিদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩০৭। দিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২০২৪। এর মধ্যে ৩১৭০ জন ভোট দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কেশব রঞ্জন সরকার ২০৪২ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোকাম্মেল হোসেন বাবু পেয়েছেন ১০০০ ভোট। সব মিলিয়ে ৪৪৮ ভোট বেশি পেয়ে মোকাম্মেল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি জানান, গত ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের দিন আটপাড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দিয়াড়া ও রামসিদ্ধ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিল। ওই সময় অন্যান্য কেন্দ্রের ফলে মোকাম্মেল হোসেন বাবু ১৪৯০ ভোটে এগিয়ে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৫ ঘ.