ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গ্রিনরোড এলাকায় সোমবার দুপুরে সন্ত্রাসীরা এক চিকিৎসককে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
আহত ডা. সাখাওয়াত হোসেন মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সূত্রাপুরের সালাউদ্দীন হাসপাতালের ফিজিওথেরাপিস্ট।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক নাজমা আক্তার জানান, বেলা সাড়ে ১২টার দিকে গ্রিনরোড ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে থেকে কয়েকজন ছিনতাইকারী ওই চিকিৎসককে গুলি করে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
গুলিবিদ্ধ ডা. মনির সাংবাদিকদের জানান, উচ্চ শিক্ষার্থে আগামী ১৩ সেপ্টেম্বর তার যুক্তরাজ্যে যাওয়ার কথা। ইতোমধ্যে এ ব্যাপারে প্রায় সব প্রক্রিয়া শেষ করেছেন। বিদেশ যেতে সহায়তাকারী প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে সঙ্গে নিয়ে সিলন ব্যাংক গ্রিনরোড শাখায় এ সংক্রান্ত টাকা জমা দিতে গেলে তিনটি মোটরসাইকেলে থাকা ৭/৮ জন সন্ত্রাসী তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। মনিরের ডান পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে সন্ত্রাসীদের গুলি লেগেছে।
তবে তার সঙ্গে থাকা ওই কর্মচারী জসীমউদ্দিন অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন বলে জানান চিকিৎসক মনির।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/১৮৩৫ঘ.
bdnews24