গোপালগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি-পীড়ারবাড়ি সড়কে অবৈধ বাস প্রত্যাহারের দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।
এর ফলে জেলার অভ্যন্তরীণ রুটসমূহে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-খুলনা-বরিশালসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে না যাওয়ায় গোপালগঞ্জের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
বাস মালিক সমিতির উপদেষ্টা বুলবুল হাসান বুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কান্দি-পীড়ারবাড়ি সড়কে হোসেন-কামাল গ্র"পের অবৈধ বাস প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জ বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহবান করে।''
তিনি জানান, ওই সড়কে গাড়ি চলাচল নিয়ে গোপালগঞ্জ ও কোটালীপাড়া বাস মালিকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে এর আগে বেশ কয়েক দফা ধর্মঘট করা হয়। স্থানীয় পর্যায়েও কয়েকবার সমঝোতার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর রোববার তারা ধর্মঘট ডাক দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০৫ ঘ.
bdnews24