কুষ্টিয়া, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় আরেকটি খণ্ডিত মস্তক পাওয়া গেছে।
কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর গ্রামে রাস্তার পাশে রোববার সকালে একটি পলিথিন ব্যাগে একটি খণ্ডিত মস্তক পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
এর আগে গত সোমবার কুষ্টিয়া সদরে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে তিনটি খণ্ডিত মাথা পাওয়া যায়।
রোববার নিহতের পরিচয় মেলেনি। তার দেহের অপর অংশও পাওয়া যায়নি।
সোমবার যাদের হত্যা করা হয়, তাদের দেহ পাওয়া গিয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) সাহাবুদ্দিন খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলাউদ্দিন নগর গ্রামের লোকজন সকালে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো একটি খণ্ডিত মাথা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।"
খণ্ডিত মস্তকটি কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের দেহটি উদ্ধারের জন্য তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সুপার জানান।
মাস দুয়েক আগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায়ও খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়।
ওই অঞ্চলে নিষিদ্ধ কয়েকটি বামপন্থী সংগঠনের তৎপরতা রয়েছে। সংগঠনগুলোর অন্তর্কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটছে বলে স্থানীয় অনেকের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৫৯ ঘ.
bdnews24