২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ সিঅ্যান্ডএফ সমিতি ও শ্রমিক কমিটির পাল্টাপাল্টি অভিযোগ

সোনামসজিদ স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দর শ্রমিক সমন্বয় কমিটি পরস্পরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে। বুধবার সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ২০ আগস্টের মধ্যে শ্রমিক সনন্বয় কমিটির চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে। তা নাহলে ২১ আগস্ট থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে বলে হুঁশিয়ার করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

চাঁপাইনবাবগঞ্জ, আগষ্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোনামসজিদ স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দর শ্রমিক সমন্বয় কমিটি পরস্পরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে। বুধবার সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ২০ আগস্টের মধ্যে শ্রমিক সনন্বয় কমিটির চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে। তা নাহলে ২১ আগস্ট থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে বলে হুঁশিয়ার করে দিয়েছে। বৃহস্পতিবার রাতে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছে। এতে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বন্দর শ্রমিক সমন্বয় কমিটি নয়, চাঁদাবাজি করে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশন ট্রাক প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদাবজি করে বলেও শফিকুল ইসলাম অভিযোগ করেন । সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, শ্রমিক সমন্বয় কমিটির অধীনে ৩১টি সংগঠনের তিন হাজার শ্রমিক সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় আমদানি পণ্য উঠানামার কাজ করে। এর পাশাপাশি তারা জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সম্মতিতে পণ্য পরিবহনের জন্য বন্দরে ট্রাক বন্দোবস্ত করে থাকে। কিন্তু এ ক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানিকারক ও চালকদের জিম্মি করে পণ্যবাহী প্রতিটি ট্রাক থেকে চাঁদাবাজি করছে। চাঁদা না দিলে চালকদের পণ্য পরিবহন করতে দেওয়া হয় না এবং আমদানিকারকদের পণ্য আটকে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বকুল এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সিঅ্যান্ডএফ এজেন্ট অভিযোগ করে, বন্দর শ্রমিক সমন্বয় কমিটি আমদানি করা পণ্য পরিবহনে প্রকাশ্য চাঁদাবাজি করছে। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 'অঙ্গীকারনামা' দেখিয়ে ট্রাক প্রতি ৭৫০ টাকা এবং 'লেবার টোকেন' হিসেবে ৬৫০ টাকা চাঁদা আদায় করছে। গত ৪ আগস্ট শ্রমিক সমন্বয় কমিটির চাঁদাবাজির বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানায় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। চাঁদাবাজি বন্ধের দাবিতে ৮ ও ৯ আগষ্ট তারা বন্দরে সাময়িক কর্মবিরতি পালন করে। পরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্ততায় সমঝোতা বৈঠকে শ্রমিক সমন্বয় কমিটির নেতারা চাঁদাবাজি বন্ধ করা হবে বলে অঙ্গীকার করেন। এর পরিপ্রেক্ষিতে ১০ আগষ্ট কর্মবিরতি প্রত্যাহার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২২০ ঘ.