২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের নানকরা নামক স্থানে শুক্রবার দুপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক রোগীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোচালকসহ সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের নানকরা নামক স্থানে শুক্রবার দুপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক রোগীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোচালকসহ সাতজন। বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ছনদহ নামক স্থানে দুটি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক এবং আরেকটির চালকের সহকারী ঘটনাস্থলে মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমের পাঠানো খবর: কুমিল্লা: শুক্রবার দুপুর দেড়টায় চৌদ্দগ্রামের নানকরা নামক স্থানে ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে চৌদ্দগ্রামগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল হাশেম (৭০), তার স্ত্রী আছিয়া বেগম (৬০) ও ছেলে আবদুল জলিল (৩৫) ঘটনাস্থলে মারা যান। গুরতর আহত অবস্থায় আবুল হাশেমের ছেলে বউ জাহানারা বেগমকে (৪০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এদের বাড়ি চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম চৌধুরী জানান, ক্যান্সার রোগী আবুল হাশেম কুমিল্লার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। সারিয়ে তোলা যাবে না বলে চিকিৎসকরা জানিয়ে দেওয়ার পর শুক্রবার পরিবারের লোকজন তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি জানান, দুর্ঘটনায় আহত মাইক্রোবাস চালকসহ অপর সাতজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আছেন- আবুল হাশেমের নাতি রাশেদ (২২) ও প্রতিবেশী রাশেদ (২৫), রেজাউল করিম (২২), শাহজালাল (২০)। ওসি জানান, পুলিশ বাসটি আটক করেছে। বাসের চালক ও তার সহকারী পলাতক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ফরিদপুর: বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ছনদহ নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক আব্দুল হাই (৩৬) এবং অপর ট্রাকটির চালকের সহকারী মনির (২৫)। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মহসিনুল হক জানান, ট্রাকচালক আব্দুল হাই যশোরের শার্শা উপজেলার আব্দুল জব্বারের ছেলে। আর মনির সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে। ওসি জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ দু'টি তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৪ ঘ.