২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিচার: প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতির রেফারেন্স যাচ্ছে রোববার

বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার কোন আইনে হবে- সে বিষয়ে মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি যে রেফারেন্স পাঠাবেন তা চূড়ান্ত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার কোন আইনে হবে- সে বিষয়ে মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি যে রেফারেন্স পাঠাবেন তা চূড়ান্ত করেছে সরকার। আগামী রোববার এ রেফারেন্স প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গত ২৭ জুলাই বিডিআর ঘটনার বিচার সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোন আইনে এর বিচার হবে সে বিষয়ে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে মতামত চাইবেন। সেনা বা সাধারণ আইন না বিডিআর এর বিধান কোন আইনের আওতায় বিচার হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়। বুধবার সচিবালয়ে বৈঠকের পর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে করার জন্য কোন আইনে এর বিচার হবে সে বিষয়ে মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি যে রেফারেন্স পাঠাবেন তা চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার রাষ্ট্রপতি এ রেফারেন্স প্রধান বিচারপতির কাছে পাঠাবেন।" তিনি বলেন, "বিডিআর আইনে ঘটনার বিচার করা হলে ঘাটতি থেকে যায়। আবার প্রচলিত আইনে করা হলেও বিচার কাজে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তাই বিচার প্রক্রিয়া নিয়ে যাতে কোনও প্রশ্ন উত্থাপিত না হয়, সে জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" আইনমন্ত্রী জানান, রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মতামত চাইতে পারেন। অতীতে বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নিয়েছেন। শফিক আহমেদ বলেন, "আমি আশা করি প্রধান বিচারপতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের অভিজ্ঞ আইনজীবীদের পরামর্শ নেবেন। এ বিষয়টি প্রধান বিচারপতির ইচ্ছের ওপর নির্ভর করে।" আইনমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, আইন সচিব কাজী হাবিবুল আউয়াল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সেনাবাহিনী, বিডিআর, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপিস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯০৭ঘ.