ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়ি শিল্পকে আন্তর্জাতিক মান সম্পন্ন করা গেলে এটি বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে বলে মনে করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্স।
গত ৮ থেকে ১০ আগস্ট কক্সবাজার এলাকা পরিদর্শন শেষে তিনি এ অভিমত দেন। এর আগে সম্প্রতি স্পাইকার্স দক্ষিণ উপকূলীয় অঞ্চল- খুলনা ও বরিশাল এলাকা সফর করেন।
বর্তমানে বাৎসরিক উৎপাদিত প্রায় ৫০ হাজার মেট্রিক টন 'ব্ল্যাক টাইগার' চিংড়ি বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষকরে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাপানে রপ্তানি হচ্ছে।
এফএও প্রতিনিধি জানান, ইতোমধ্যে বাংলাদেশ সরকার প্রযুক্তিগত উন্নয়ন সাধনের মাধ্যমে এ খাত থেকে অর্জিত রপ্তানি আয় বর্তমানের তিনগুণ করার সহস্রাব্দের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
চিংড়ি শিল্পে প্রযুক্তিগত উন্নয়ন সাধনে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় এবং এফএও যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে জনশক্তি ও গার্মেন্টস শিল্পের পর চিংড়ি খাতের অবস্থান। উপকূলীয় এলাকার প্রায় ১০ লাখ মানুষ চিংড়ি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট। নানা জাতের চিংড়ির মধ্যে ৬০ ভাগই ব্ল্যাক টাইগার চিংড়ি উৎপাদন হয় এ অঞ্চলে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট (টিসিপি)- এর আওতায় এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২৩৫৬ঘ.
bdnews24