২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে দোররা মারার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধুন্তী ইউনিয়নের কেনা গ্রামে এক গৃহবধুকে (২৭) দোররা মারার ঘটনায় রোববার রাতে একটি মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- মো. মঞ্জু মিয়া (৪৫), মিরাজ মিয়া (২৬), লিটন মিয়া (২২), মাসুম মিয়া (২৫), জজবানু (৩২), কতুবুল আলম (২৮), তোতা মিয়া (২৫) ও মাওলানা মো. হোসাইন (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধুন্তী ইউনিয়নের কেনা গ্রামে এক গৃহবধুকে (২৭) দোররা মারার ঘটনায় রোববার রাতে একটি মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- মো. মঞ্জু মিয়া (৪৫), মিরাজ মিয়া (২৬), লিটন মিয়া (২২), মাসুম মিয়া (২৫), জজবানু (৩২), কতুবুল আলম (২৮), তোতা মিয়া (২৫) ও মাওলানা মো. হোসাইন (৩৫)। এর মধ্যে সোমবার পুলিশ তোতা মিয়াকে গ্রেপ্তার করেছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া জানান। সদর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে বাবার বাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিকল্পিতভাবে তাকে দোররা মারা এবং সমাজে হেয় করা হয়েছে। তিনি এর প্রতিকার চান। তিনি জানান, তার স্বামী বিদেশে থাকার সুযোগ নিয়ে চাচা শ্বশুর মঞ্জু মিয়া তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৪ জুলাই আবারও তাকে কুপ্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন। এতে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটান। ঘটনার পর তাকে স্বামীর কেনা গ্রামের বাড়ি থেকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। গৃহবধূ জানান, ২৪ জুলাই রাতেই প্রতিদিনের মতো এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ করে প্রতিবেশী লিটনের মা (নাম বলতে পারেননি) ঘরের কড়া নেড়ে দরজা খুলতে বলেন তাকে। দরজা খুলে দেখেন মঞ্জু মিয়া তার সাঙ্গপাঙ্গোদের নিয়ে সেখানে জড়ো হয়েছে। এক পর্যায়ে মঞ্জু মিয়া বলেন, তার ঘর থেকে এক লোককে বের হয়ে যেতে দেখেছেন তারা। পরদিন স্থানীয় কেনা গ্রামের দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. হোসাইন এর উপস্থিতিতে সালিশ বসে। এতে সভাপতিত্ব করেন তার ভাসুর তোতা মিয়া। সালিশকারীরা তাকে ১০১টি দোররা মারার ফতোয়া দেয়। রায় কার্যকর করেন মঞ্জু মিয়া। তোতা মিয়া পুলিশের কাছে স্বীকার করেছেন, দোররা মারার আদেশ কার্যকর করার নির্দেশ তিনিই দিয়েছিলেন। তিনি মনে করেন, তার ভাইয়ের স্ত্রী ব্যভিচার করেছে। গৃহবধূর মামা জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রভাবশালীদের ভয়ে সঙ্গে সঙ্গে ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়নি। সালিশকারীদের ভয়ে গ্রামের কেউ এ ঘটনায় মুখ খোলেনি। ব্রাহ্মণবাড়িয়া মহিলা পরিষদের সভানেত্রী নন্দিতা গুহ অভিযোগ করেন, দোররা মারার মতো জঘন্য ঘটনায় পুলিশ মারামারির মতো সাধারণ ধারায় মামলা নিয়েছে। তিনি, নারী নির্যাতন আইনে মামলা নেওয়ার দাবি জানান। ওসি রেজাউল করিম ভুইয়া বলেন, দোররা মারার ঘটনায় মামলা নেওয়ার সুনির্দিষ্ট কোন ধারা নেই। তাই প্রচলিত সাধারণ (মারধর) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৪ ঘ.