২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় খালেদার জামিন বহাল

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আপিলের আবেদন (লিভ টু আপিল) রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ খারিজ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 08:10 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আপিলের আবেদন (লিভ টু আপিল) রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ খারিজ করে দিয়েছে। হাইকোর্টের বিচারাধীন এ সংক্রান্ত রিট আবেদনটি দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশও দিয়েছে আপিল বিভাগ। গত বছর ৯ সেপ্টেম্বর নাইকো মামলায় খালেদাকে জামিন দেয় হাইকোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আপিলের আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। খালেদার পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ। দুদকের কৌঁসুলি খুরিশদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত আপিলের আবেদন খারিজ করার পাশাপাশি হাইকোর্টর বিচারাধীন এ সংক্রান্ত রিট আবেদন দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছে।" গত ৩০ জুলাই নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। ওইদিন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আপিল আবেদন খারিজ করে দেওয়া হয়। গত বছরের ৯ জুলাই খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতি করেছেন। গত ৫ মে এ মামলায় খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। সেখানে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪২০ ঘ.