২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যবইয়ের সঙ্কট সৃষ্টিকারীদের ওপর গোয়েন্দা নজরদারির পরামর্শ

পাঠ্যবই নিয়ে সঙ্কট সৃষ্টিকারী সন্দেহভাজনদের গোয়েন্দা নজরদারির আওতায় আনতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ সম্পর্কিত বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 07:23 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পাঠ্যবই নিয়ে সঙ্কট সৃষ্টিকারী সন্দেহভাজনদের গোয়েন্দা নজরদারির আওতায় আনতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ সম্পর্কিত বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক মো. আখতারুজ্জামান। শনিবার বিকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিটির এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। অধ্যাপক আখতারুজ্জামান শিশুদের খাওয়ার দুধে বিষ মেশানো আর পাঠ্যবই নিয়ে সঙ্কট সৃষ্টিকে একই ধরনের অপরাধ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "বিগত বছরের অভিজ্ঞতার আলোকে পুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ সংশ্লিষ্ট কাজে সঙ্কট সৃষ্টিকারী সন্দেহভাজন ব্যক্তিদের গোয়েন্দা নজরদারির আওতায় আনার জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে।" ২০১০ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য কাগজ ক্রয়, মুদ্রণ, ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে কিছুদিন আগে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আখতারুজ্জামানকে প্রধান করে ১৬ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটি প্রধান বলেন, "বই ছাপানো, বাঁধাই ও সরবরাহে লাভ ছাড়া লোকসানের কোনো আশংকা নেই। এরপরও জাতীয় গুরুত্বপূর্ণ এমন মৌলিক বিষয় নিয়ে যদি কেউ কৃত্রিম সঙ্কট বা সমস্যা সৃষ্টির অপপ্রয়াস চালায় তবে তা হবে নিঃসন্দেহে জাতির সঙ্গে প্রতারণার শামিল। আর এর পেছনে াকতে পারে শুধুই হীন রাজনৈতিক র্স্বা হাসিলের এক অপপ্রয়াস। এ বিষয়ে সমগ্র জাতি সজাগ থাকবে বলে আমাদের বিশ্বাস।" আখতারুজ্জামান আবারও যথাসময়ে বই মুদ্রণ ও বিতরণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জানান, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও কারিগরি স্তরের বই ৩০ অক্টোবর, প্রাথমিকের আংশিক বই ২০ নভেম্বর এবং অবশিষ্ট বই ৩০ নভেম্বরের মধ্যে জেলার সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে আখতারুজ্জামান বলেন, "এজন্য মোট ২১ কোটি বই ছাপানোর সব আয়োজন চলছে।" তিনি জানান, বই ছাপার জন্য মোট ৩২ হাজার ৩৬৩ মেট্রিক টন মুদ্রণ কাগজ ও দুই হাজার ২১৬ মেট্রিক টন কভার কাগজ প্রয়োজন হবে। এর মধ্যে ১৫ হাজার ৪৩০ মেট্রিক টন মুদ্রণ কাগজ ও ৯৪৫ মেট্রিক টন কভার কাগজ সংগ্রহ হয়েছে। বাকি কাগজ সংগ্রহ প্রক্রিয়াধীন আছে এবং যথাসময়ে তা হাতে এসে পৌঁছবে। তিনি আরো বলেন, ইবতেদায়ি (মাদ্রাসার প্রাথমিক স্তর) স্তরের প্রায় ৫০ শতাংশ পাঠ্যবই মুদ্রণের কাজ শেষ হয়েছে। মাধ্যমিক স্তরের ৪০০টি প্যাকেজের মধ্যে ৩৭৫টি প্যাকেজের কার্যাদেশ দেওয়া হয়েছে। কারিগরি স্তরের দরপত্র ১৭ আগস্ট এবং দাখিল স্তরের দরপত্র ১০ আগস্ট উন্মুক্ত করা হবে। প্রাথমিক স্তরের ৪০০ প্যাকেজের দরপত্র ও কার্যাদেশ আগস্টের মধ্যে সম্পন্ন হবে। মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বিসয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান আখতারুজ্জান। সভায় কমিটির আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, "সঙ্কট সৃষ্টি করলে প্রয়োজনে বিদেশ থেকে আরও কম টাকায় বই ছাপিয়ে আনা হবে।" এতে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সুত্রধর, সহকারি পুলিশ মহাপরিদর্শক নজরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২৩৫৬ ঘ.