ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার মাদারজানিতে শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন র্যাব কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সকালে ট্রাক চাপায় মারা গেছেন দুই বাইসাইকেল আরোহী।
টাঙ্গাইল: দুর্ঘটনায় নিহত দুজন হলেন- সিলেট র্যাব-৯ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল বারী (৫০) এবং মনোয়ারুল ইসলাম।
বারীর বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ইসলামপুর এবং মনোয়ারের বাড়ি মোহনপুর উপজেলার গোসা গ্রামে।
টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৪১৩) মাদারজানিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী আবদুল বারী ও মনোয়ার মারা যান।
এসআই মেহেদী জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ই্উনিয়নের কুলিয়ারা রাস্তার মোড়ে সকালে ট্রাক চাপায় মারা গেছেন আবদুর রহিম ও মুস্তাফিজুর রহমান।
রহিমের বাড়ি উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি এবং মুস্তাফিজের বাড়ি বাতিশা ইউনিয়নের বসন্তপুর গ্রামে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুলিয়ারা রাস্তার মোড়ে ঢাকাগামী একটি ট্রাক বাইসাইকেল আরোহী দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
তিনি জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৯ ঘ.
bdnews24