বান্দরবান, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে মৎস্য খামারীর অপহরণ ঘটনার পর এবার অপহরণের শিকার হয়েছেন দুই নির্মাণ শ্রমিককে।
শুক্রবার বিকেলে রোয়াংছড়ি উপজেলার ঘেরাও মধ্যম পাড়া থেকে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে। তবে অপহরণকারীরা এখনও কারও সঙ্গে যোগাযোগ করেনি। কোনো মুক্তিপণও দাবি করেনি।
মঙ্গলবার বান্দরবানের মৎস্য খামারী ফারুক আহমদকে রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা দানেশ পাড়া থেকে অপহরণ করা হয়। একদিন পর পরিবারের লোকজন টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনে।
শুক্রবার অপহৃত দুই নির্মাণ শ্রমিক হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার মো. ইউছুফ (২৫) এবং লালমনিরহাটের মো. রাবিউল (২২)।
জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও) মো. রোকন বলেন, বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় বান্দরবানের ঘেরাও-রোয়াংছড়ি সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন এ দু'জন। দুপুর সাড়ে ৩টার দিকে তাদের অপহরণ করা হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, শ্রমিক অপহরণের খবর পেয়ে পুলিশের একটি দল বিকেল থেকেই অভিযান শুরু করেছে।
ওই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম ট্রেডার্সের দু'জন অংশীদার হলেন- মাহবুবুর রহমান ও অমল দাশ।
এ ব্যাপারে অমল দাশ বলেন, অপহৃতদের মুক্তিপণের ব্যাপারে এখনও তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৫ ঘ.
bdnews24