বগুড়া, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খানকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ওইদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- বগুড়া শহরের জলেশ্বরীতলার মাসুদুর রহমানের ছেলে সৈয়দ আহম্মেদ মাসুদ। তিনি জেলা প্রশাসকের অফিস সহকারী ছিলেন। দেড় বছর আগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক জানান, মাসুদ ২৭ জুলাই এবং ৫ আগষ্ট মোবাইল বার্তার মাধ্যমে জেলা প্রশাসককে বোমা মেরে হত্যার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি জানান, মাসুদ বিভিন্ন সময় তদবির করেও চাকরি ফেরত পাননি। তার পেনশনও বন্ধ রয়েছে। এসব কারণেই তিনি জেলা প্রশাসককে হুমকি দিয়েছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.
bdnews24