ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপে বাংলাদেশী পণ্য ও ব্যবসা-বাণিজ্য প্রসারে সরকারের কাছে ১০ দফা প্রস্তাব পেশ করেছে সফররত ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন (ইবিএফ) প্রতিনিধি দল।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নয় সদস্যের প্রতিনিধি দলটির প্রধান ইবিএফ প্রেসিডেন্ট ড. ওয়ালি তাসার উদ্দিন এসব প্রস্তাব তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, "অর্থমন্ত্রী ও এফবিসিসিআইয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। পর্যটন, সংস্কৃতি, আইটি ও জাহাজ নির্মাণ খাতের মাধ্যমে ইউরোপে বাংলাদেশকে পরিচিতি করার ব্যাপক সুযোগ আছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে কর্মসংস্থানেরও সুযোগ হতে পারে ইউরোপে। এ জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।"
ইবিএফ এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে চায় বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২২ জুলাই তাদের সফর শুরু হয়েছে। এর মধ্যে সরকারের কয়েকজন মন্ত্রীর, এফবিসিসিআই, এফআইসিসিআই ও বিজেএমইএ'র শীর্ষ কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার, ইউরোপীয় কমিশনের প্রধান এবং ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। এফবিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।
তবে অনেক চেষ্টার পরও তারা বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ পাননি বলে আক্ষেপের সুরে জানান ইবিএফ প্রেসিডেন্ট।
প্রবাসীদের দেশে আসার সময়ে বিমানবন্দরে বিড়ম্বনা, কাস্টমস চেকিংয়ের নামে হয়রানি, অনাবাসী ব্যাংক স্থাপনসহ বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টির বিষয় তুলে ধরে তিনি বলেন, "এক্ষেত্রে সরকার আন্তরিক হলে বাংলাদেশ এগিয়ে যাবে। ইউরোপে 'মেড ইন বাংলাদেশ' হিসেবে নিজেদের পরিচিত ও দেশের পণ্যের প্রসার ঘটাতে পারবো।''
সংবাদ সম্মেলনে ইবিএফ'র নির্বাহী পরিচালক এনাম আলী, ড. সানওয়ার চৌধুরী ও প্রকৌশলী এস এম আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৫২০ ঘ.
bdnews24