২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

গাইবান্ধা ও বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা ও বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর গ্রামে ভোররাতে সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন দুজন। আহত হয়েছেন একজন। বাগেরহাটের কচুয়া উপজেলায় রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন কচুয়া সদর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী কাজী নজরুল ইসলাম (৫৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: গাইবান্ধা: নিহত দুজন হলেন- আসাদুল হক (২৮) ও ফারুক রহমান (৩৮)। আহত ব্যক্তির নাম- আবু তালেব (৪৫)। রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাসান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে ফারুক রহমানের বাড়িতে চোর প্রবেশ করে। চোরের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করতে গিয়ে বাড়ির পাশ্ববর্তী তরফপাল-হরিনসিংহা সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান আসাদ এবং তার প্রতিবেশী ফারুক। আহত হন ফারুকের বড় ভাই আবু তালেব। ওসি আকবর হোসেন আরো জানান, খবর পেয়ে পুলিশ ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয় নাই। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে তাদের বিচারের দাবিতে গাইবান্ধা-নাকাইহাট সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। বাগেরহাট: কচুয়া উপজেলা সদরের হাজরাপড়া এলাকায় সকাল ৯টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান টেংরাখালী গ্রামের বাসিন্দা এবং কচুয়া বাজারের ব্যবসায়ী নজরুল। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুল ইসলাম বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। হাজরাপাড়া এলাকায় রাস্তায় পল্লী বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে তিনি হাতে থাকা ছাতা সেটা সরিয়ে দিতে যান। বিদ্যুৎস্পৃষ্ট নজরুল ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.