জামালপুর, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর শহরের পালপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে শ্রী শ্রী গোবিন্দ ঠাকুর বিগ্রহ মন্দিরে (কালি মন্দির) হামলা এবং মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
হামলায় মন্দির পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মনোরঞ্জন পালসহ ১০ জন আহত হয়েছেন। মনোরঞ্জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিপুল কাঞ্জি লাল জানান, খলিল নামে স্থানীয় এক 'ভূমিদস্যু' মন্দিরের জায়গা দখলের জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণের সময় তার লোকজন হামলা চালায় এবং কালি মূর্তি ভাঙচুর করে।
জামালপুর সদর থানার পুলিশ ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম।
তিনি জানান, অভিযুক্ত খলিল পালিয়ে গেছেন। মন্দির কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৭ ঘ.
bdnews24