ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ যোগাযোগ নেটওয়ার্ক প্রযুক্তির লাইসেন্স দেওয়ার নীতিমালা চূড়ান্ত হয়েছে। শিগগিরই আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ওয়ারিদ মোবাইল ফোন কোম্পানির নতুন লোগো উন্মোচন অনুষ্ঠানে বুধবার বিটিআরসি'র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তবে এ ব্যাপারে বিটিআরসি'র সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।
বিটিআরসি চেয়ারম্যান আরো বলেন, "অক্টোবরে গ্রাহকদের চূড়ান্তভাবে ওয়াইম্যাক্স সুবিধা দেওয়া হবে। ৩২টি প্রতিষ্ঠানকে ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিসের জন্য লাইসেন্স দেওয়া হবে।"
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটককে থ্রিজি প্রযুক্তির লাইসেন্স দিতে চায় মন্ত্রণালয়। এজন্য টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পর থ্রিজি'র লাইসেন্সের আবেদন আহ্বান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, "নেক্সট জেনারেশন নেটওয়ার্ক (এনজিএন) গড়ে সরকার বিটিসিএল ও টেলিটক গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে প্রস্তুত।"
চীনের সঙ্গে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তির কথা জানিয়ে তিনি আরও বলেন, "এরমধ্যে ১৮৯ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বিটিসিএল'র জন্য। অবশিষ্ট অর্থ টেলিটকের উন্নয়নে ব্যয় করা হবে।"
বিটিআরসি সর্বশেষ হিসাব মতে, রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটক গ্রাহক সংখ্যার দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা প্রায় ১১ লাখ। সবশেষে লাইসেন্স পাওয়া ওয়ারিদের গ্রাহক সংখ্যাও এর দ্বিগুণের বেশি, প্রায় ২৫ লাখ।
এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিআরসি বলেছিল, ২০০৯ সালে দেশে থ্রিজি প্রযুক্তি চালু করা হবে।
তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াইম্যাক্স প্রযুক্তি চালুর উদ্যোগ নেয়। গত মাসে একটি কোম্পানি পরীক্ষামূলকভাবে রাজধানীর গুলশান, বারিধারা ও বনানীর কিছু এলাকায় ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু করেছে।
লাইসেন্স প্রাপ্ত অন্য প্রতিষ্ঠান 'বাংলালায়ন' এখনো পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২২২১ঘ.
bdnews24