২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়িক কারণে যশোরে বিএমএ নেতা শফিকুল খুন হন

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) যশোর জেলা কোষাধ্যক্ষ ডা. শফিকুল ইসলামের ব্যবসায়িক অংশীদার আশিকুর রহমান বাবুল ভাড়াটে লোক দিয়ে তাকে খুন করার কথা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

যশোর, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) যশোর জেলা কোষাধ্যক্ষ ডা. শফিকুল ইসলামের ব্যবসায়িক অংশীদার আশিকুর রহমান বাবুল ভাড়াটে লোক দিয়ে তাকে খুন করার কথা স্বীকার করেছেন। বুধবার বাবুল প্রথমে পুলিশের কাছে ১৬১ ধারায় এবং পরে যশোরের বিচারিক হাকিম কায়সারুল ইসলামের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডা. শফিকুল ইসলামের জেস ক্লিনিকের ব্যবসায়িক অংশীদার আশিকুর রহমান বাবুল স্বীকারোক্তিতে বলেন, ব্যবসার লভ্যাংশ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কোনোভাবেই এর অবসান না হওয়ায় তিনি ডা. শফিকুলকে হত্যার পরিকল্পনা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ জবানবন্দির উদ্ধৃতি দিয়ে বলেন, শফিকুলকে হত্যার জন্য বাবুল স্থানীয় চা দোকানী জাকির হোসেনকে ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ করেন। ২৯ জুলাই রাত ৯টার দিকে ডা. শফিকুলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার পর জাকির মোবাইল ফোনে বাবুলের কাছে বিষয়টি জানান। চা দোকানী জাকিরকে আটকের চেষ্টা চলছে বলেও ওসি জানান। এর আগে পুলিশ প্রথমে আশিকুর রহমানকে আটক করে। ক্লিনিকের আয়া শেফালী এবং পিয়ন রায়হানকে জিজ্ঞাসাবাদ করে। এ ছাড়া জেস ক্লিনিকের ওটি ইনচার্জ রেশমা এবং মনিকো ফার্মার এরিয়া ম্যানেজার সেলিম রেজাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরা সবাই এখনও আটক আছেন। গত ২৯ জুলাই জেস ক্লিনিকে ডা. শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে মারাত্মক আহত করা হয়। ৩ আগস্ট (সোমবার) দুপুরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.