নরসিংদী, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী শহরের দত্তপাড়া মহল্লায় মঙ্গলবার দুপুরে পুলিশ-সন্ত্রাসী গোলগুলিতে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।
২০ মিনিট স্থায়ী গোলাগুলির পর জেলার শীর্ষ সন্ত্রাসী মো. পারভেজসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত অপর দু'জন হলেন- পারভেজের সহযোগী শুভ (২৮) ও রহমান (২৫)।
আহতরা হলেন- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম, উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক আব্দুল আজিজ ও কনস্টেবল আব্দুল মতিন এবং গ্রেপ্তার হওয়া মো. পারভেজ।
তাদের সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ ইতালির তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম জানান, দুপুর ২টার দিকে পুলিশ শহরের দত্তপাড়া মহল্লায় পারভেজের বাড়ি ঘিরে ফেললে পারভেজ পুলিশের প্রতি গুলি করতে করতে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে।
এ সময় তিনি নিজে (শামীম) ডান পায়ে, কামরুজ্জামান বাম হাতে এবং পারভেজ পায়ে গুলিবিদ্ধ হন। পারভেজ গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে শুভ ও রহমান তাকে কাঁধে নিয়ে পলানোর চেষ্টা করেন।
জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পারভেজের বিরুদ্ধে সদর থানায় জোড়া খুনসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৩০ ঘ.
bdnews24