ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে 'পাবর্ত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার: স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
একই সঙ্গে অবিলম্বে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান প্রধান বিরোধী দলের এই নেতা।
সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৯ জুলাই ওই অঞ্চল থেকে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহার করার ঘোষণা দেয়। একই সময়ে সেখানে স্থাপিত নিরাপত্তা বাহিনীর ৩৫টি ক্যাম্পও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী সেপ্টেম্বরের মধ্যে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহার শেষ করার কথা।
মওদুদের দাবি, সৈন্য প্রত্যাহার সরকারের একটি দীর্ঘ মেয়াদি ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, "পাবর্ত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের ফলে সেখানে অউপজাতীয় বাংলাদেশীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ফলে তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হবে। তাই সেনা প্রত্যাহারের বিষয়টি সরকারের একটি দীর্ঘ মেয়াদি ষড়যন্ত্রের অংশ।"
তিনি বলেন, "বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। বিডিআর সদরদপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যা, টিপাইমুখ বাঁধ প্রকল্প ও এশিয়ান হাইওয়ের নামে প্রতিবেশী দেশকে করিডোর দেওয়া- সবই ষড়যন্ত্রের অংশ।
"একে রুখতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।"
মওদুদ বিগত তত্ত্বাবধায়ক সরকারেরও কঠোর সমালোচনা করেন।
বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা হামিদুল্লাহ খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী ও বিএনপি নেতা মোস্তফা আলী বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর মওদুদ সাংবাদিকদের বলেন, "সংসদীয় দলটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টিপাইমুখ পরিদর্শন করতে পারেননি
bdnews24