নারায়ণগঞ্জ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাস, বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা রোববার রাতে সভা করেছেন।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভার আয়োজক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সন্ত্রাসীরা নীরবে চাঁদাবাজি করছে। গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। রাজনৈতিক পরিচয়ে বিনামূল্যে ঝুটের জন্য সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে।
নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাটের উন্নয়ন এবং সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হলে নারায়ণগঞ্জে বিনিয়োগ আরও বাড়বে। সংকট ও সমস্যা সমাধানে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি জানান, আগামী এক বছরের মধ্যেই শহরের খানপুরে শীতলক্ষ্যার তীরে কন্টেইনার টার্মিনাল চালু হবে। এতে নারায়ণগঞ্জ থেকে চট্রগ্রাম বন্দরে কম খরচে ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতে পারবে।
সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্লথ মাচের্ন্টস এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি এস এম সোলায়মান, বাংলাদেশ পাট আড়তদার মালিক সমিতির সভাপতি ফয়েজউদ্দিন লাভলু, বাংলাদেশ নিট ডাইং ওনার্স এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক, কর্মকর্তা ফজলে এহসান শামীম, সাইদুজ্জামান সাইদ, মাহমুদ হোসেন, জিএম ফারুক, হাসান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24